ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুর নির্মাণ ব্যয় বেড়ে ২ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
সোমবার পদ্মা সেতু সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সচিবালয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, "শুরুতে পদ্মা সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার। আজকের (সোমবার) বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তা বেড়ে হয়েছে ২ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারে।"
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় এর নির্মাণে ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার খরচ হবে বলে ধরা হয়েছিল। পরে আবার তা ১ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার ধরা হয়।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপর এর ব্যয় হিসাব করা হয়েছিল ১ দশমিক ৯ বিলিয়ন ডলার।
এশীয় উন্নয়ন ব্যাংক, বিশ্বব্যাংক ও ইসলামী উন্নয়ন ব্যাংক পদ্মা সেতু নির্মাণে ঋণ দিচ্ছে।
মুহিত বলেন, "বিশ্বব্যাংক ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার দেবে। এশীয় উন্নয়ন ব্যাংক দেবে ৫৫০ মিলিয়ন মার্কিন ডলার। ইসলামী উন্নয়ন ব্যাংক দেবে ১২০ বিলিয়ন মার্কিন ডলার ও জাইকা দেবে ৩০০ বিলিয়ন মার্কিন ডলার। আবুধাবী ডেভেলপমেন্ট গ্র"প দেবে ৩১ মিলিয়ন ডলার।"
বাকি ১৪০ মিলিয়ন ডলার শেয়ার বাজারে বন্ড ছেড়ে কিংবা স্থানীয়ভাবে অন্যকোনো উপায়ে সংগ্রহ করা হবে।
দরপত্র প্রক্রিয়া শেষ করে পদ্মা সেতু নির্মাণের কার্যাদেশ আগামী বছরই দেওয়া হবে বলে জানান মুহিত। এর আগেই দাতাদের সঙ্গে অর্থায়ন সংক্রান্ত চুক্তিসহ সমস্ত কাজ সেরে ফেলা হবে।
অর্থমন্ত্রীর আশা এ সরকারের মেয়াদকালেই সেতু নির্মাণ শেষ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরএ/জিএনএ/১৫০৮ঘ.
bdnews24