২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফের সমালোচনায় দেলোয়ার

প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুর্নীতির খবর প্রকাশের সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2009, 07:29 AM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুর্নীতির খবর প্রকাশের সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। বিরোধী দল বিএনপির ইন্ধনে তাদের সমর্থক পত্রিকাগুলো জয় বিরোধী প্রচারণা চালাচ্ছে বলে সরকারি দলের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের প্রতিক্রিযায় দেলোয়ার বলেন, "আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের অভিযোগ ডাহা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।" বিএনপি মহাসচিব দলীয় প্রধান খালেদা জিয়ার বড় ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান সম্পর্কে আশরাফের দেওয়া বক্তব্যের সমালোচনা করে বলেন, "তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ উদ্দেশ্যমূলক ও বানোয়াট। তত্ত্বাবধায়ক সরকারের আমলে মিথ্যা মামলা দায়ের করে তাকে নির্যাতন করা হয়েছে।'' সোমবার সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়ার পর বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের এ সম্পর্কিত প্রশ্নের উত্তর দেন। তেল কোম্পানি শেভরনের কাছ থেকে জয় ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ই এলাহী চৌধুরী ৩৫ কোটি টাকা ঘুষ নিয়েছেন বলে গত ১৭ ডিসেম্বর দৈনিক 'আমার দেশ'সহ কয়েকটি পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটিকে 'মিথ্যা' আখ্যায়িত করে রোববার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "খালেদা জিয়া ও তার পুত্র তারেক-কোকোদের অপকর্মগুলোকে আড়াল করতে তারা এ কুৎসিত নোংরামিতে লিপ্ত হয়েছে। নজিরবিহীন দুর্নীতির দায়ে অভিযুক্ত তারেকের সঙ্গে জয়কে একই পাল্লায় মেপে তার চরিত্র হনন করে 'মাইনাস টু ফর্মুলা' বাস্তবায়নের নীলনকশা করছে তারা। সেক্ষেত্রে তারা তাদের আজ্ঞাবহ কয়েকটি পত্রিকা ব্যবহার করেছে।" তারেক সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের মন্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ''কারো বিরুদ্ধে অভিযোগ এলেই তাকে দোষী সাব্যস্ত করা আইনের দৃষ্টিতে সঠিক নয়। আইনের বিধানে ওই অভিযোগের সুষ্ঠু তদন্ত হতে হবে।'' তারেকের রাজনীতিতে আসায় সরকারি দল ঈর্ষান্বিত মন্তব্য করে দেলোয়ার বলেন, ''যে কেউ রাজনীতিতে আসতে পারে। এটা তার জন্মগত ও মৌলিক অধিকার। এই নিয়ে প্রশ্ন তোলাটা অবান্তর। রাজনীতিতে তিনি সফল হবেন কিনা তা নির্ধারণ করবেন দেশের জনসাধারণ।'' শেরে বাংলা নগরে জিয়ার কবরে ফুল দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন নবগঠিত স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, এম শামসুল ইসলাম, তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, সারোয়ারি রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন কাদের চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখলুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, মোহাম্মদ শাহজাহান, রিজভী আহমেদ। প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/জিএনএ/১৩২২ ঘ.