কামরান রেজা চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিজে উড়োজাহাজ না পাওয়ায় জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ বছর ঢাকা-নিউ ইয়র্ক ফ্লাইট চালু করতে পারছে না। যদিও এর আগে বিমান এ বছরই ওই রুটে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছিলো।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তারা রোববার এ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিকে এ কথা জানিয়েছেন। তারা বলেন, লিজে উড়োজাহাজ পাওয়ার পর বিমান ঢাকা-নিউ ইয়র্ক রুটে আগামী জানুয়ারী বা ফেব্র"য়ারির কোনো এক সময় ফ্লাইট চালু করতে পারে।
সংসদ ভবনে বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারা (মন্ত্রণালয়ের কর্মকর্তারা) আমাদের জানিয়েছেন যে লিজে উড়োজাহাজ না পাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-নিউ ইয়র্ক রুটে এ বছর ফ্লাইট চালু করতে পারছে না।"
বিমান কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে কমিটির সদস্য মইনুদ্দিন খান বাদল জানান, আগামী জানুয়ারি বা ফেব্র"য়ারিতে জাতীয় পতাকাবাহী এ প্রতিষ্ঠানটি একটি উড়োজাহাজ পাবে।
তিনি বলেন, "আগামী বছরের শুরুর দিকে একটি উড়োজাহাজ সংগ্রহের পর ওই রুটে ফ্লাইট চালুর দিন-তারিখ ঠিক করা হবে।"
মার্চে বিমান আরও একটি উড়োজাহাজ পাবে বলে তিনি জানান।
যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের দাবির পরিপ্রেক্ষিতে গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-নিউ ইয়র্ক রুটে যদ্দূর সম্ভব তাড়াতাড়ি বিমানের ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছিলেন।
লোকসানের কারণে বিগত বিএনপি-জামায়াত জোট সরকার ওই রুটে বিমানের ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়।
গত অক্টোবরের মধ্যে এই রুটে ফ্লাইট চালুর জন্য উড়োজাহাজ লিজ নিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দরপত্র আহ্বান করে। কিন্তু প্রতিষ্ঠানটি উড়োজাহাজ লিজ নিতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএনএস/এইচএ/২০৫১ ঘ.
bdnews24