২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

গাজীপুর, জামালপুর ও চাঁদপুরে শনিবার সড়ক দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2009, 09:41 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর, জামালপুর ও চাঁদপুরে শনিবার সড়ক দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। এর মধ্যে গাজীপুরে দুইজন, জামালপুরে শিশুসহ দুইজন এবং চাঁদপুরে এক শিশু নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাজীপুর প্রতিনিধি জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার সালনা এলাকায় সকাল ১০টার দিকে একটি ট্রাকের চাকার বিস্ফোরণ ঘটে। এ সময় পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় স্থানীয় মসজিদের ঈমাম আব্দুর রহিম (৩০) ফেটে যাওয়া টায়ারের আঘাতে আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রহিম টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল কাদের প্রমাণিকের ছেলে। এদিকে সন্ধ্যা ৬টার দিকে মহাসড়কের তেলিপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় বাস চাপায় এক আজ্ঞাত মহিলা (৩৫) ঘটনাস্থলে মারা যান। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. মোস্তাফিজুর রহমান দুর্ঘটনা দু'টির সত্যতা স্বীকার করেছেন। জামালপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার রঘুনাথপুর এলাকায় শনিবার রাত সাড়ে ৭টায় মোটর সাইকেল ও পাওয়ার টিলারের মূখোমূখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী সাইফুল ইসলাম (৪৫) আহত হন। নান্দিনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সাইফুল ইসলামের বাড়ি জামালপুর সদরের বেড়া পাথালিয়া গ্রামে। ঘটনার সময় তিনি সদর উপজেলার নান্দিনার বাদেচান্দি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। জামালপুর সদর থানার উপ-পরিদর্শক তমিজ উদ্দিন রাত ১০টায় জানান, এ ঘটনায় কোনো মামলা হয়নি। এদিকে বিকালে মেলান্দহ উপজেলার মেলান্দহ বাজারের নাগেরপাড়া এলাকায় মোটরসাইকেল চাপায় উসমান গনি (১২) নামে এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে। মেলান্দহ থানার ওসি বিল্লাল উদ্দিন জানান, রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল চাপা দিলে শিশুটি মারা যায়। উসমান মেলান্দহের ৪ নম্বর চরের ইসমাইল হোসেনের ছেলে। এ ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে বলে পুলিশ কর্মকর্তা জানান। চাঁদপুর প্রতিনিধি জানান, কচুয়া উপজেলার বালিয়াতলি এলাকায় বিকালে ট্রাক্টর চাপায় তানভীর হোসেন (৪) নামের শিশুটি নিহত হয়। তানভীর উপজেলার দেবীপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। কচুয়া থানার উপ-পরিদর্শক শাহ আলম জানান, তানভীর মায়ের সঙ্গে বালিয়াতলি গ্রামে মামার বাড়ি যাচ্ছিল সিএনজি চালিত অটোরিকশায়। সিএনজি থেকে নামার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় কেউ আটক হয়নি। কোনো মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫৭ ঘ.