ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তে রোহিঙ্গাদের পুশব্যাক বন্ধ করতে দুই দেশের আসন্ন সচিব পর্যায়ের বৈঠকে মিয়ানমারকে চাপ দেবে বাংলাদেশ।
পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস শনিবার এ কথা জানান।
আগামী ২৮ ডিসেম্বর মিয়ানমারের উপ পররাষ্ট্রমন্ত্রী (পররাষ্ট্র সচিব) ইউ মাঙ্গ মিন্ট ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েসের সঙ্গে দুই দিনব্যাপী দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে কায়েস বলেন, "আমরা রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও মিয়ানমার থেকে পুশব্যাক বন্ধের বিষয়ে কথা বলবো।"
তিনি বলেন, বিভিন্ন শিবিরে থাকা ২৯ হাজার শরণার্থীসহ প্রায় তিন লাখের মতো লোক অবাঞ্ছিতভাবে বাংলাদেশে প্রবেশ করেছে।
"আমরা মিয়ানমারে পরিস্থিতির উন্নতির জন্য জোর দেবো, যাতে রোহিঙ্গাদের দেশ ছাড়া বন্ধ হয়।"
পররাষ্ট্র সচিব আরো জানান, সমুদ্র সীমা নিয়ে আলোচনা করতে আগামী জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে মিয়ানমারের একটি প্রতিনিধি দল ঢাকা আসছে।
একইসঙ্গে তিনি জানান, দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিরোধ অবসানে জাতিসংঘ ট্রাইব্যুনালেও লড়বে বাংলাদেশ।
মিয়ানমারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও ব্যাংকিং বিষয়ে আলোচনা হবে বলে সচিব জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/কিউএইচ/এমআই/১৫১০ ঘ.
bdnews24