২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুর রহমানকে 'হুমকির' ঘটনায় খালেদার উদ্বেগ

ক্ষমতাসীন দলের শীর্ষ পর্যায়ের বিরুদ্ধে ঘুষ নেওয়ার কথিত অভিযোগের সংবাদ প্রকাশ করায় দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে 'হুমকি' দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2009, 04:02 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দলের শীর্ষ পর্যায়ের বিরুদ্ধে ঘুষ নেওয়ার কথিত অভিযোগের সংবাদ প্রকাশ করায় দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে 'হুমকি' দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি ওই ঘটনার নিন্দাও জানান। শুক্রবার এক বিবৃতিতে বিরোধী দলীয় নেতা বলেন, "এই হুমকি সংবাদপত্রের স্বাধীনতার বিরুদ্ধে ও এক দলীয় বাকশালী স্বৈরতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ। এই হুমকির মধ্য দিয়ে শাসক দলের ফ্যাসিবাদী মনোভাব উৎকটভাবে বেরিয়ে পড়েছে।'' তিনি এ ব্যাপারে সচেতন জনগণ ও সাংবাদিকদের সোচ্চার হওয়ারও আহ্বান জানান। খালেদা জিয়া বলেন, "শাসক দলের এধরনের হুমকি অপরাধকে আড়াল করার উদ্দেশ্যে ও সত্য প্রকাশের বিরুদ্ধে।'' তদন্তকে প্রভাবিত করার উদ্দেশ্যে এটি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বুধবার দৈনিক আমার দেশ পত্রিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি চৌধুরীর বিরুদ্ধে কথিত ঘুষ গ্রহণের অভিযোগ নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর বৃহস্পতিবার বিজয় দিবসের আলোচনায় আওয়ামী লীগের কয়েকজন নেতা পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমানের কঠোর সমালোচনা করে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৪২ ঘ.