সিরাজগঞ্জ, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চরমপন্থী দল সর্বহারা পার্টির স্লোগান দিয়ে বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের বেলকুচির চরাঞ্চলে হানা দেয় একদল ডাকাত। তবে গ্রামবাসীদের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়।
স্থানীয়রা জানায়, কালো মুখোশ পরে সশস্ত্র ৪০-৫০ জন লোক রাত ৯টার দিকে সর্বহারা পার্টির স্লোগান দিয়ে যমুনা নদীর পশ্চিম তীরের আগুরিয়া (দক্ষিণ), শাহাপুর, বেইলার চর ও রানীপুুর গ্রামে হানা দেয়।
ডাকাতরা আগুরিয়া বাজারের পাঁচটি দোকান থেকে নগদ অর্থ লুটের পর গ্রামবাসী প্রতিরোধ গড়ে তোলে। ডাকাতরা হাফপ্যান্ট পরা ছিলো বলে স্থানীয়রা জানিয়েছে।
পুলিশ জানায়, শত শত গ্রামবাসী লাঠি ও মশাল নিয়ে ধাওয়া দিলে ডাকাতরা নৌকায় করে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও র্যাব কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তবে ডাকাতের হানার পর গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বেলকুচি থানার ওসি হানিফুল হক সাংবাদিকদের বলেন, ওই এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পাঠানো হয়েছে।
হামলাকারীরা সর্বহারা পার্টির সদস্য না সংঘবদ্ধ ডাকাত দল, তা নিশ্চিত করতে পারেননি তিনি।
ওসি বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২৩০ ঘ.
bdnews24