নারায়ণগঞ্জ, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে সিএনজি চালিত অটোরিকশা চোর চক্রের তিন সদসকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি চোরাই অটোরিকশা।
বুধবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ এদের গ্রেপ্তার এবং অটোরিকশা উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- জামাল হোসেন (২৮), জাকির হোসেন (২৬) ও রাকিব ওরফে হৃদয় (২৬)।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন সাংবাদিকদের জানান, গত ১১ ডিসেম্বর শহরের হাজীগঞ্জ এলাকা থেকে অটোরিকশা চুরি করে নিয়ে যায় বলে চালক জিয়াউল হক এসে মালিককে জানান।
পরে অটোরিকশা চোর চক্রের সদস্যরা মালিককে ফোন করে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা দিলে অটোরিকশা ফেরত দেওয়া হবে বলে তারা জানায়।
ওসি জানান, ঘটনাটি জানালে পুলিশ মালিককে তাদের কথা অনুযায়ী নারকেল এলাকায় টাকা নিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে ফাঁদ পাতে এবং তিনজনকে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী উদ্ধার করা হয় অটোরিকশাটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫০ ঘ.
bdnews24