ঝিনাইদহ, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা ও কোটচাঁদপুর উপজেলায় বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছে।
নিহতরা হলেন- শৈলকুপা উপজেলার বৃত্তিপাড়া গ্রামের বিপুল (৩০) ও নাজের (৩২) এবং কোটচাঁদপুর উপজেলার ছলেমানপুর গ্রামের সাগর (১২)। আহত ব্যক্তি হলেন বৃত্তিপাড়া গ্রামের আজিজুল ইসলাম।
শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঝিনাইদহ শহর থেকে মোটর সাইকেলে করে বিপুল, নাজের ও আজিজুল বৃত্তিপাড়া গ্রামে যাচ্ছিলেন। ভাটই বাজারে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাক তাদের চাপা দেয়।
বিপুল ও নাজের ঘটনাস্থলেই নিহত হন বলে ওসি জানান। আজিজুলকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোটচাঁদপুর থানার ওসি মামুনুর রশিদ বলেন, "কোটচাঁদপুর শহরের বাসস্ট্যান্ডে খান আবাসিক হোটেলের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহী সাগর নিহত হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৩৫০ ঘ.
bdnews24