২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাবিবুলের নিয়োগ অবৈধ: সুপ্রিম কোর্ট

কাজী হাবিবুল আওয়ালের ভারপ্রাপ্ত আইন সচিব হিসেবে নিয়োগ অবৈধ বলে দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2009, 06:45 AM

Updated : 26 Aug 2022, 12:30 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাজী হাবিবুল আওয়ালের ভারপ্রাপ্ত আইন সচিব হিসেবে নিয়োগ অবৈধ বলে দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। ফলে তার আইন সচিবের পদও থাকছে না বলে দাবি করেছেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি। হাইকোর্ট ২০০৮ সালের ১৮ জানুয়ারি নিয়োগ অবৈধ ঘোষণার পরপরই হাবিবুলের আবেদনে রায়ের কার্যকারিতা স্থগিত করেছিলো আপিল বিভাগ। এরপর ওই বছরের ১৭ জুন তাকে ওই মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেয় সরকার। ২০০৭ সালের ২৮ জুন হাবিবুলকে আইন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ৫ জুলাই হাইকোর্টে রিট আবেদন করেন অবসরপ্রাপ্ত জেলা জজ আফতাবউদ্দিন। হাইকোর্ট নিয়োগ অবৈধ ঘোষণা করে রায় দেওয়ার দিনই এর বিরুদ্ধে আপিল করেন হাবিবুল। বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের ৭ বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার সে আপিল খারিজ করে দেয়। আফতাবউদ্দিনের কৌঁসুলি আজমালুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাবিবুল আওয়ালকে ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়াকে অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট। সে রায় আপিল বিভাগ বহাল রেখেছে।" "ফলে তিনি আর আইন মন্ত্রণালয়ের সচিব পদেও নেই", বলেন আজমালুল। তবে তিনি জানান, হাবিবুল তার আগের পদে ফিরে যেতে পারবেন। হাবিবুল আইন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হওয়ার আগে একই মন্ত্রণালয়ে 'ড্রাফটিং উইং'র অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন করছিলেন। কাজী হাবিবুলের পক্ষে আপিলের শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আমীর উল ইসলাম। রিট আবেদনকারীর পক্ষে আজমালুল হোসেন ছাড়াও ছিলেন ব্যারিস্টার এবিএম ছিদ্দিকুর রহমান খান। সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। এদিকে আপিল বিভাগের রায়ের পর রিভিউ আবেদন করা হবে কিনা জানতে চাইলে আমীর উল ইসলাম সাংবাদিকদের বলেন, "হাবিবুল আওয়াল বিদেশে রয়েছেন। তিনি দেশে ফিরলে তার সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।" হাবিবুলের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনে বলা হয়েছিলো, হাবিবুল আইন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব পদে নিয়োগ পেতে পারেন না। সচিব, উপ সচিব ও যুগ্ম সচিব নিয়োগ বিধিমালা ২০০২ এর ৫ নম্বর বিধিতে এ পদে নিয়োগের জন্য বিচার বিভাগীয় সার্ভিস ক্যাডার থেকে শতকরা ৭৫ ভাগ কোটা সংরক্ষিত রয়েছে। হাবিবুল ওই ক্যাডারভুক্ত নন, তিনি বিসিএস'র মাধ্যমেও নিয়োগ পাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২৩৬ ঘ.