২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন করেছে বিডিআর

প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ রাইফেল্স (বিডিআর)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2009, 07:13 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ রাইফেল্স (বিডিআর)। সীমান্তরক্ষী বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনের কর্মসূচি অনুযায়ী ফজর নামাজের পর পিলখানার কেন্দ্রীয় মসজিদসহ বিডিআরের সকল ইউনিট মসজিদে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে বিডিআর সদর দপ্তর ও স্থানীয় সকল ইউনিটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মুক্তিযুদ্ধে শহীদ বিডিআরের (তৎকালীন ইপিআর) সৈনিকদের স্মরণে নির্মিত রাইফেল্স স্মৃতিসৌধে সকাল সাড়ে ৯টায় বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মোঃ মইনুল ইসলামের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন বিডিআরে কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা ও অন্যান্য পদবীর সৈনিকরা। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পুষ্পস্তবক অর্পণের পর বিডিআরের চৌকসদল মুক্তিযুদ্ধে শহীদদের সম্মানে গার্ড অব অনার দেয়। পরে বিডিআরের সব পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের পরিবার, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকরা পর্যায়ক্রমে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। দিনের অন্য কর্মসূচির মধ্যে বিডিআর মিলনায়তনে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, কেন্দ্রীয়ভাবে এবং সব ইউনিটের সৈনিক মেসে সব পর্যায়ের কর্মকর্তা ও সৈনিকদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/০১০৩ঘ.