বরিশাল, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের উজিরপুর উপজেলায় সুগন্ধা নদীতে একটি লঞ্চ বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছে।
লঞ্চটি কুয়াশার কারণে শিকারপুর সেতুর (মেজর জলিল সেতু) একটি পিলারের সঙ্গে ধাক্কা খেলে এর তলা ফেটে যায়। তবে চালক দ্রুত নৌযানটি তীরে ভিড়িয়ে ফেলতে সক্ষম হন। ফাটলের কারণে লঞ্চটির পেছনের অংশ পানিতে ডুবে যায়।
তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন উজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়সিন্ধু তালুকদার।
ঘটনার পরপরই জেলা প্রশাসক মশিউর রহমান, বরিশালের মেয়র শওকত হোসেন হিরন, উজিরপুর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনাস্থলে যান।
লঞ্চের যাত্রীদের উপজেলা পরিষদ ভবনে থাকার ব্যবস্থা করা হয়। জেলা প্রশাসন তাদের খাওয়ার ব্যবস্থা করে।
ইউএনও বলেন, এমভি শুভরাজ-২ নামের লঞ্চটি যাত্রী নিয়ে পিরোজপুরের ভাণ্ডারিয়া থেকে ঢাকা যাচ্ছিল। রাত পৌনে ১০টার দিকে ঘন কুয়াশার কারণে এটি শিকারপুর সেতুর পিলারের সঙ্গে ধাক্কা খায়।
ইউএনও বলেন, দুর্ঘটনার পর এমভি আঁচল নামের ঢাকাগামী একটি লঞ্চ থেকে উদ্ধার কাজ চালানো হয়। এরপর বরিশাল, উজিরপুর ও বানারীপাড়া থেকে দমকল কর্মীরা এসে পাম্পের সাহায্যে পানি বের করতে থাকে। পুলিশও উদ্ধার কাজে যোগ দেয়।
লঞ্চটিতে এক হাজারের মতো যাত্রী ছিল বলে তিনি জানান।
বরিশাল দমকলের উপ পরিচালক মো. আসলাম বলেন, লঞ্চের ভেতরে ভাল করে দেখা হয়েছে। সেখানে কোনো লোক আটকা নেই।
শুভরাজ-২ এর চালক সাইফুল ইসলাম বলেন, সেতুর পিলারের সঙ্গে আঘাত লাগলে লঞ্চের নিচের জোড়া ফেটে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/০১১৫ঘ.
bdnews24