২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ

বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার গাজীপুরে দুটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2009, 02:46 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

গাজীপুর, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার গাজীপুরে দুটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। তারা কাজ বন্ধ করে দিয়ে মহাসড়ক অবরোধ করে। পুলিশ জানায়, বিকাল ৪টার দিকে সদর উপজেলার মালেকেরবাড়ি (শরিফপুর) ইশরাত অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করে। অপর দিকে সন্ধ্যা ৬টায় ভোগড়া এলাকার সোয়েটার প্লাস কারখানার শ্রমিকরা ১০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজায়েত হোসেন সাংবাদিকদের জানান, সদর উপজেলার মালেকেরবাড়ি (শরিফপুর) এলাকার ইশরাত অ্যাপরেলস লিমিটেড কর্তৃপক্ষ ঈদের আগে শ্রমিকদের নভেম্বর মাসের অর্ধেক বেতন পরিশোধ করে। বাকি অর্ধেক বেতন পরিশোধের নির্ধারিত তারিখ ছিল মঙ্গলবার। বিকেল ৪টা পর্যন্ত কাজ করার পর বেতন না পেয়ে শ্রমিকরা কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের মধ্যস্থতায় কর্তৃপক্ষ বৃহস্পতিবার বেতন পরিশোধের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। তিনি আরো জানান, সোয়েটার প্লাস কারখানার শ্রমিকরা নভেম্বর মাসের বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসে। তারা প্রায় ১০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৯ ঘ.