মৌলভীবাজার, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাতির প্রস্তুতিকালে সোমবার সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এরা হলেন সদর উপজেলার আথানগিরি গ্রামের সাগর মিয়া (২৭), কুলাউড়ার দেওলাকান্দি গ্রামের জুবেদ মিয়া (২৬), শ্রীমঙ্গলের রাধানগর গ্রামের মাহমদ আলী (২৮) এবং হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাঁচগাঁথিয়া গ্রামের আব্দুর রউফ (৩৮)।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ভারতের তৈরি একটি রিভলবার, দেশে তৈরি দুইটি পাইপগান, চারটি কার্তুজ ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরের সাগরদীঘি সড়কের চিত্রালী সিনেমা হল এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
তাদের র্যাব হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার শ্রীমঙ্গল থানায় সোপর্দ করে র্যাব বাদী হয়ে মামলা করবে।
জেলার বিভিন্ন থানায় এ চার পেশাদার ডাকাতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও র্যাব কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৫ ঘ.
bdnews24