২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ শিক্ষকদের পরিবারের খবর জানে না ঢাবি

মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯ জন শিক্ষক। এদের মাত্র তিনজনের পরিবার বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় মাথা গোঁজার ঠাঁই পেলেও কথিত রাজনৈতিক প্রতিহিংসাসহ নানা কারণে বাকিরা হারিয়েছেন আশ্রয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2009, 05:20 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯ জন শিক্ষক। এদের মাত্র তিনজনের পরিবার বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় মাথা গোঁজার ঠাঁই পেলেও কথিত রাজনৈতিক প্রতিহিংসাসহ নানা কারণে বাকিরা হারিয়েছেন আশ্রয়। ঠাঁই হারানো পরিবারগুলোর কোনো খবর জানে না এদেশের স্বাধীনতা সংগ্রামসহ বিভিন্ন আন্দোলনের সুতিকাগার হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। ১৯৭১ এর ২৫ মার্চ পাকিস্তানী দখলদার বাহিনীর কুখ্যাত 'অপারেশন সার্চ লাইট' শুরুর পর থেকে নয় মাসের যুদ্ধে এ শিক্ষকরা শহীদ হন। শহীদ শিক্ষকদের মধ্যে কেবল এএনএম মুনীরুজ্জামান, আনোয়ার পাশা ও মোহাম্মদ সাদেকের পরিবারের সদস্যরা এখনো ঢাবি আবাসিক এলাকায় থাকছেন। মুনীরুজ্জামানের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ পরিবার কল্যাণ সমিতির সভাপতি জাকারিয়া মাসুদ অভিযোগ করেন বিভিন্ন সময়ে অন্য শহীদ পরিবারগুলোকে বিশ্ববিদ্যালয় থেকে 'বের করে' দেওয়া হয়েছে। নানা সময়ে 'রাজনৈতিক প্রতিহিংসাবশত' এসব শহীদ পরিবারকে বের করে দেওয়ার অভিযোগ এনে জাকারিয়া বলেন, "মুনীর চৌধুরী, রাশিদুল হাসান, মোফাজ্জল হায়দার চৌধুরী প্রমুখের পরিবারের আবাসিক বরাদ্দ সম্পূর্ণ রাজনৈতিক কারণে বাতিল করা হয়েছিল।" জাকারিয়ার বাবা পরিসংখ্যান বিভাগের তখনকার চেয়ারম্যান অধ্যাপক এএনএম মুনীরুজ্জামান যুদ্ধ শুরুর পর ঢাবি শিক্ষকদের মধ্যে প্রথম শহীদ। একইসময় প্রাণ হারান তার অন্য ছেলে আকরামুজ্জামান, ভাই অ্যাডভোকেট শামসুজ্জামান ও বোনের ছেলে সৈয়দ নাসিরুল ওহাব। "পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন বাবা। বাবা ও বড় ভাইকে হারিয়ে আমাদের এক কঠিন জীবন সংগ্রামের মুখোমুখি হতে হয়েছিল। কি বলবো! সেই দুর্বিষহ দিনগুলোর কথা মনে পড়লে আজো গা শিরশির করে ওঠে", আবেগ জড়ানো কণ্ঠে বলেন জাকারিয়া মাসুদ। মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সুযোগ-সুবিধার প্রসঙ্গ আসতে তার কণ্ঠে ঝরে পড়লো ক্ষোভ। জাকারিয়া বললেন, "সরকার মুক্তিযোদ্ধাদের অনেক সুবিধা ও ভাতা দিলেও আমরা এর সবগুলো থেকেই বঞ্চিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শহীদ পরিবার এসব সুবিধা পায় না।" শহীদ আনোয়ার পাশার স্ত্রী মসিনা খাতুন কথা বলতেই চাননি। পরে চাপাচাপিতে একরকম বাধ্য হয়ে শুধু বললেন, "আমি স্বামী হত্যার বিচার চাই।" ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর তার স্বামীকে ট্রাকে তুলে নিয়ে যায় পাকসেনারা। ২১ দিন পর শিয়ালবাড়ি বধ্যভূমিতে স্বামীর লাশ খুঁজে পান তিনি। মুক্তিযুদ্ধ চলাকালেই 'রাইফেল-রোটি-আওরাত' বইটি লেখেন অধ্যাপক আনোয়ার পাশা। এটি ছিল সেসময় মুক্তিযুদ্ধকে উপজীব্য করে লেখা একমাত্র বই। সরকারের সঙ্গে এসব শহীদ পরিবারগুলো আত্মত্যাগের কথা যেন ভুলতে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। বিশ্ববিদ্যালয়ের বর্তমান কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মীজানুর রহমান শহীদ শিক্ষকদের নামে থাকা বাড়ির বরাদ্দ বাতিলের বিষয়টি স্বাভাবিকভাবেই চাপালেন তার পূর্বসূরীদের ওপর। মীজানুর রহমান বলেন, "আমি কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ের কোনো শহীদ পরিবারের জন্য বরাদ্দ করা বাসা বাতিল হয়নি। আগে কি কারণে এরকম ঘটেছিল তা আমাদের জানা নেই।" তিনি মাত্র এ বছর কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন। তবে শহীদ পরিবারগুলোকে বরাদ্দকৃত বাসা ফিরিয়ে দেওয়া বা অন্য সুবিধার বিষয়েও কোনো আলোচনা হয়নি বলে কোষাধ্যক্ষ জানান। শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের বর্তমান অবস্থা কেমন তাও জানে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সম্পর্কে মীজানুর রহমান শুধু বললেন, "শহীদ পরিবার কল্যাণ সমিতি এ বিষয়ে ভালো বলতে পারে। আমার বিশ্বাস তারা ভালো আছেন।" একাত্তরের মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক শহীদ হয়েছেন তারা হলেন: বাংলা বিভাগের আনোয়ার পাশা, মুনীর চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরী, ইংরেজি বিভাগের জ্যোতির্ময় গুহঠাকুরতা ও এমএমএ রাশিদুল হাসান; ইতিহাস বিভাগের গিয়াস উদ্দিন আহমদ, মো. আবুল খায়ের ও সন্তোষ চন্দ্র ভট্টাচার্য; শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আ ন ম ফয়জুল মহী, মো. সাদত আলী ও সিরাজুল হক খান; ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের অনুদ্বৈপায়ন ভট্টাচার্য; পরিসংখ্যান বিভাগের এ এন এম মুনীরুজ্জামান; ভূতত্ত্ব বিভাগের এম এ মুকতাদির; দর্শন বিভাগের গোবিন্দ চন্দ্র দেব; মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ফজলুর রহমান খান; পদার্থ বিজ্ঞান বিভাগের আতাউর রহমান খান; গণিত বিভাগের সরাফত আলী এবং বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোহাম্মদ সাদেক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এএল/এসকে/২২০২ঘ.