২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বাড়ি ছাড়ার নোটিশ আরো ছয় মাস স্থগিত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়ার সরকারের নোটিশ স্থগিতের মেয়াদ আরো ছয় মাস বাড়ালো হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2009, 01:46 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়ার সরকারের নোটিশ স্থগিতের মেয়াদ আরো ছয় মাস বাড়ালো হাইকোর্ট। সোমবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ এ আদেশ দিয়েছে। খালেদার পক্ষে করা আবেদনের শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট টি এইচ খান ও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। গত ২৭ মে খালেদার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে তার সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়ার সরকারের নোটিশ তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। এরপর ২৩ আগস্ট হাইকোর্ট সেই স্থগিতাদেশের মেয়াদ চার মাসের জন্য বাড়িয়ে দেয়। এ বছরের ২৪ মে সরকার খালেদা জিয়াকে ৩০ জুনের মধ্যে সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ দিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এইচএ/১৯৩৮ ঘ.