ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক সতর্ক করে দিয়ে বলেছেন, বাংলাদেশে এইডস রোগীর সংখ্যা অনেক দেশের তুলনায় কম হলেও ঝুঁকির পরিমাণ আশঙ্কাজনক।
রোববার হোটেল শেরাটনে এইডস দিবসের ২১ তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ জাতীয় সেমিনারের আয়োজন করে।
মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে এইডসে আক্রান্তের সংখ্যা কম হলেও ঝুঁকিহীন নয়। কারণ জনগণের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। জনগণের মাঝে আরো ব্যাপকভাবে সচেতনতা সৃষ্টি করতে হবে।
রুহুল হক সরকারি-বেসরকারি পর্যায়ে যারা এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছেন তাদেরকে আরো জোরালো পদক্ষেপ রাখার ব্যাপারে আহ্বান জানান।
১৯৮৮ সাল থেকে ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস হিসেবে পালিত হয়। এবছর বিশ্ব এইডস দিবসের ২১ বছর পূর্তি উৎসবের প্রতিপাদ্য ছিল 'সবার জন্য সুযোগ ও মানবাধিকার'।
সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন এসটিডি প্রোগ্রামের লাইন ডিরেক্টর মোহাম্মদ আলী বেলাল।
মূল প্রবন্ধে এক পরিসংখ্যানে দেখানো হয়, ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশে ১৭৪৫ জন এইচআইভিতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে পুরোপুরি এইডস হয়েছে ৬১৯ জনের যার ২০৪ জন মৃত্যুবরণ করেছে।
এছাড়াও শুধু ২০০৯ সালে নতুনভাবে ২৫০ জন এইচআইভিতে আক্রান্ত হয়েছে, ১৪৩ জনের অসুখ এইডসে পরিণত হয়েছে এবং ৩৯ জন মারা গেছে।
স্বাস্থ্য সচিব শেখ আলতাফ আলী সরকারি হাসপাতালগুলো থেকে মাদক হিসেবে ব্যবহৃত ওষুধ পাচার বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, শিরায় সুঁইয়ের মাধ্যমে যে মাদকজাতীয় ওষুধ ব্যবহৃত হয় তা হাসপাতালের ওষুধ। এগুলো হাসপাতালগুলো থেকে পাচার হয়ে যাচ্ছে।
সচিব বলেন, বাংলাদেশে এইডসে আক্রান্ত হয়ে মৃত্যুর বর্তমান হার যদি এখনই প্রতিরোধ করা না যায় তাহলে এটি ধীরে ধীরে বড় আকার ধারণ করতে পারে। এ ব্যাপারে সরকারি-বেসরকারি সব পর্যায়ে সমবেতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বেসরকারি সংগঠন এইডস নেটওয়ার্কের পরিচালক ওয়াহিদা বানু সরকারি-বেসরকারি তহবিলের প্রাপ্যতার ব্যাপারে গুরুত্বারোপ করেন।
অন্য বক্তারা এইডস প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, ইউএনএফপিএ'র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আর্থার আর্কেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির প্রমুখ। সেমিনারে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২৩৫৫ঘ.
bdnews24