২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সংস্কারপন্থীদের' বাদ দিলেন খালেদা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোববার রাতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি ঘোষণা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2009, 04:16 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

সুমন মাহমুদ প্রধান রাজনৈতিক প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোববার রাতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি ঘোষণা করেছেন। জরুরি অবস্থার সময় তার নেতৃত্বের বিরোধিতাকারী হিসেবে চিহ্নিতরা প্রায় সবাই এ কমিটি থেকে বাদ পড়েছেন। কাউন্সিল অনুষ্ঠানের ৫ দিন পর রোববার জাতীয় স্থায়ী কমিটিতে নতুন ১২ জন ছাড়াও দলের নির্বাহী কমিটির সাত জন যুগ্ম মহাসচিবের নাম ঘোষণা করেন চেয়ারপারসন। তত্ত্বাবধায়ক সরকারের সময় 'সংস্কারপন্থি' বলে পরিচিত প্রবীণ বিএনপি নেতা আব্দুল মান্নান ভুঁইয়ার বহিষ্কারের পর দায়িত্ব পাওয়া খোন্দকার দেলোয়ার হোসেনই মহাসচিব পদে বহাল রয়েছেন। তবে তিনি এ পদে থাকবেন নতুন মহাসচিব নির্বাচিত না হওয়া পর্যন্ত। এ নতুন কমিটির মেয়াদ হবে তিনবছর। কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়েছেন বিএনপির নতুন সিনিয়র যুগ্ম মহাসচিব। এ পদে এতদিন ছিলেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। ১৫ জনের স্থায়ী কমিটি পুনর্গঠন করে ১৯ সদস্যের স্থায়ী কমিটিতে স্থান পাওয়া নতুনরা হলেন তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, সারোয়ারী রহমান, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিয়া ও সালাউদ্দিন কাদের চৌধুরী। তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসাবে পদাধিকারবলে স্থায়ী কমিটিতে ঢুকেছেন। গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সাংবাদিকদের এ ঘোষণার কথা জানিয়ে বলেন, "নতুন মহাসচিব নির্বাচিত না হওয়া পর্যন্ত খোন্দকার দেলোয়ার হোসেনই এ দায়িত্ব পালন করবেন বলে অনুমোদন দিয়েছেন চেয়ারপারসন।" ২৫১ সদস্যের নির্বাহী কমিটির মধ্যে রোববার কেবল সাত জন যুগ্ম মহাসচিবের নাম ঘোষণা করা হয়েছে। এরা হলেন বরকত উল্লাহ বুলু, আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, মোহাম্মদ শাহজাহান, সালাহউদ্দিন আহমেদ, মাহবুবউদ্দিন খোকন এবং রিজভী আহমেদ। রিজভী একই সঙ্গে দপ্তর সম্পাদকেরও দায়িত্বে থাকবেন। মান্নান ভুঁইয়ার অনুগত বলে পরিচিত সাদেক হোসেন খোকা, আব্দুল্লাহ আল নোমান, অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, শামসুজ্জামান দুদু, জহির উদ্দিন স্বপন, মফিকুল হাসান তৃপ্তি, ইনাম আহমেদ চৌধুরী প্রমুখ নেতা শীর্ষ নেতৃত্বে জায়গা পাননি। এছাড়া বাদ পড়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জেড আই খান, মোফাজ্জল করিম ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক। খালেদা জিয়া ছাড়া স্থায়ী কমিটিতে পুরনোদের মধ্যে আছেন খোন্দকার দেলোয়ার হোসেন, আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, এম শামসুল ইসলাম ও মাহবুবুর রহমান। পুরনো মধ্যে বাদ পড়েছেন আবদুল মতিন চৌধুরী ও খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ। সংস্কারপন্থি বলে পরিচিতদের মধ্যে কমিটিতে রয়ে গেছেন কেবল সাবেক সেনা প্রধান জেনারেল মাহবুব। তার শ্যালক মির্জা আলমগীর পেয়েছেন মহাসচিবের পরের গুরুত্বপূর্ণ পদটি। ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। এই কাউন্সিলে দলের গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে নতুন পদ তৈরি করে তারেক রহমানকে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। খালেদা জিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারপারসন পুনর্র্নিবাচিত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১০৫৯ ঘ.