বগুড়া, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার শিবগঞ্জ উপজেলায় রোববার বিকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনিবাস দোকানে ঢুকে পড়লে চাপা পড়ে তিনজন নিহত হন।
আহত হয়েছেন পাঁচজন। তাদের বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার বিলহামলা আর্দশ গ্রামের তাজুল ইসলাম (৩০), ডালিম (১৫) ও শরিফুল (১২)।
বগুড়া-জয়পুরহাট সড়কের শিবগঞ্জের বুড়িগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ওসি জাহিদুল ইসলাম।
তিনি জানান, বিকাল ৪টার দিকে জয়পুরহাটের মোলামগাড়ি থেকে বগুড়াগামী মিনিবাস (বগুড়া-ব- ৩৯৭২) নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের একটি মুদি দোকানে ঢুকে পড়ে।
এতে চাপা পড়ে আটজন হতাহত হন। ওই সময় তারা দোকানে বসে টেলিভিশন দেখছিলেন।
ওসি জানান, পুলিশ মিনিবাসটি আটক করেছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৩ ঘ.
bdnews24