গাজীপুর, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুদ্ধাপরাধীদের বিচার এ সরকারের আমলেই করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন।
তিনি বলেন, "স্বাধীনতার ৩৮ বছরেও যুদ্ধাপরাধীদের বিচার হয়নি। তবে সুবাতাস বইছে। এবারই প্রথম রাষ্ট্রীয়ভাবে তাদের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে।"
সোমবার বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোববার সকালে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেনন এ কথা বলেন।
আগামী জানুয়ারি থেকে নতুন শিক্ষানীতি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন আরো বলেন, শিক্ষানীতি বাস্তবায়নের মাধ্যমে আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে তুলতে পারলে তা হবে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন।
নতুন শিক্ষানীতির বিরোধিতায় ইতোমধ্যে জামায়াত মাঠে নেমেছে বলে অভিযোগ করে তিনি বলেন, তা সত্বেও নতুন ওই শিক্ষানীতি বাস্তবায়ন করা হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. আবু সাঈদ খান ও ড. তোফায়েল আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ ও বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটির আহ্বায়ক কাজী ফারুক আহমেদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২০ ঘ.
bdnews24