ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে।
শুক্রবার দুপুরে আবহাওয়া অফিস জানায়, নিম্নচাপটি দুপুর একটায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১৮৫৫ কি. মি.পশ্চিম-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১৭৭৫ কি. মি. পশ্চিম-দক্ষিণ পশ্চিমে এবং মংলা সমুদ্র বন্দর থেকে ১৭৭৫ কি. মি. দক্ষিণে অবস্থান করছিল।
এটি আরো জোরদার হয়ে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কি. মি. এর মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় ৪০ কি. মি. যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কি. মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে এক নম্বর পুন: সতর্ক সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সমুদ্রে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএস/জিএনএ/১৮৪১ঘ.
bdnews24