২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশায় নৌ চলাচল ব্যাহত

কুয়াশার কারণে গত কয়েকদিনের মতো শুক্রবারও পাটুরিয়া-দৌলতদিয়া ও মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল ব্যাহত হয়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে নদীতে আটকা পড়ে বেশ কয়েকটি লঞ্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2009, 07:47 AM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়াশার কারণে গত কয়েকদিনের মতো শুক্রবারও পাটুরিয়া-দৌলতদিয়া ও মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল ব্যাহত হয়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে নদীতে আটকা পড়ে বেশ কয়েকটি লঞ্চ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মাদারীপুর প্রতিনিধি জানিয়েছেন, মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে পারাপার বন্ধ ছিলো ১০ ঘণ্টা। পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ ছিলো বলে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মানিকগঞ্জ প্রতিনিধি। চাঁদপুর প্রতিনিধি জানিয়েছেন, দক্ষিণাঞ্চল থেকে রাজধানীগামী এবং বিপরীতমুখী অন্তত ২০টি লঞ্চ রাতে মেঘনায় আটকা পড়ে। কাওড়াকান্দি ঘাটে কর্মরত বিআইডব্লিওটিসি কর্মকর্তা রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত ১২টা থেকে বন্ধ থাকার পর শুক্রবার সকাল ১০টা থেকে পারাপার আবার শুরু হয়েছে। ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় কাওড়াকান্দি ও মাওয়া দুই পাড়েই যানজট দেখা দিয়েছে। তবে বিআইডব্লিউটিসির মাওয়া ঘাটের ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মুন্সীগঞ্জ প্রতিনিধিকে বলেন, সকারে যানজট থাকলেও এখন তা অনেক কমে এসেছে। বিআইডব্লিউটিসি'র আরিচা অফিসের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোরট ডটকমকে জানান, ঘন কুয়াশার কারণে মাঝনদীতে দুটি ফেরি আটকা পড়ায় বৃহস্পতিবার রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সকাল ৭টায় পারাপার পুনরায় শুরু হয়। ঘাটে যানজট দেখা দেওয়ায় যাত্রীবাহী বাসগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপারের সুযোগ দেওয়া হচ্ছে বলে বিআইডাব্লিওটিসি কর্মকর্তারা জানান। ঘন কুয়াশার কারণে মেঘনা নদীতে বৃহস্পতিবার রাতে যাত্রীবাহী ২০টি লঞ্চ আটকা পড়ে বলে বিআইডব্লিওটিএ'র চাঁদপুর কার্যালয়ের কর্মকর্তারা জানান। চাঁদপুর স্টিমার ঘাটের ব্যবস্থাপক গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ সব লঞ্চ নির্ধারিত সময়ের অনেক পরে যাত্রাবিরতির জন্য চাঁদপুরে ভেড়ে। এগুলো কুয়াশার কারণে পথ দেখতে না পারায় নদীতে থেমে ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩০ ঘ.