সাতক্ষীরা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলমহাল দখল নিয়ে সাতক্ষীরার দেবহাটা উপজেলার নোড়ারচকে বুধবার সন্ধ্যায় দু'পক্ষের সংঘর্ষ হয়েছে।
এতে সাতক্ষীরা পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) ও ১০ পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছেন।
এসপি এস এম মনিরুজ্জামানসহ চারজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর তিনজন হলেন খয়বার, ইদ্রিস ও চম্পা। বাকিদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।
দেবহাটা থানার ওসি সামছুল হক বলেন, গত ১৫ নভেম্বর কয়েক শ' ভূমিহীন নোড়ারচকের ২৭০ বিঘা খাস জলমহাল দখল করে নেয়। এতে ওই জলমহালের বন্দোবস্ত গ্রহণকারী প্রতিষ্ঠান বেঙ্গল সাইয়েন্টিফিক শ্রিম্প কালচার প্রাইভেট লি. দখলচ্যুত হয়। এ নিয়ে এতদিন উত্তেজনা চলে আসছিল।
পুলিশ কর্মকর্তা বলেন, সন্ধ্যায় বন্দোবস্তকারী প্রতিষ্ঠানের পক্ষের লোকজন আবার জলমহাল দখল করতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। এতে সংঘর্ষ শুরু হয়। এ সময় কয়েকটি বোমা বিস্ফোরিত হয়।
এ সময় দখলদাররা পুলিশের প্রতি ইটপাটকেল ও বোমা নিক্ষেপ করে। এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও পুলিশ কর্মকর্তা জানান। এখনো কোনো মামলা হয়নি।
এসপি'র দেহরক্ষী কনস্টেবল সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, হামলায় এসপি মনিরুজ্জামান মাথায় আঘাত পেয়েছেন।
বেঙ্গল সাইয়েন্টিফিক শ্রিম্প কালচার প্রাইভেট লি. ২০০৬ সালে নোড়ার এই খাস জলমহাল ইজারা নেয়। এরপর থেকে ওই প্রতিষ্ঠানের পক্ষে ইউসুফ আব্দুল্লাহ নামের এক ব্যক্তি ওখানে মাছ চাষ করে আসছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৪ ঘ.
bdnews24