ঢাকা, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশন (ইসি) কারসাজি করে বিএনপিকে হারিয়েছে- দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার এমন অভিযোগ নাকচ করে ইসি বলেছে, 'কৌশলগত কারণে' তারা এ ধরনের অভিযোগ তুলে থাকতে পারে।
মঙ্গলবার বিএনপি'র কাউন্সিলে খালেদা জিয়া ২৯ ডিসেম্বরের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ও ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও পাতানো নির্বাচনের মাধ্যমে তাদের পরাজিত করার অভিযোগ তোলেন।
এর প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বুধবার সাংবাদিকদের বলেন, "রাজনৈতিক দলগুলো কৌশলগত কারণে এমন অনেক কথাই বলে। তাদের এক ধরনের পলিটিক্যাল স্ট্র্যাটেজি থাকে। কিন্তু জনগণই এমন অভিযোগের বিষয়টি বিচার করবে।"
তবে গণপ্রতিনিধিত্ব আইন (আরপিও) মান্য করে ১৬ বছর পর করা বিএনপির কাউন্সিলকে সাধুবাদ জানিয়েছে ইসি।
এ ব্যাপারে অন্য কমিশনার সাখাওয়াত হোসেন বলেন, কাউন্সিলের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্র চর্চা প্রতিষ্ঠা পাবে বলে আমি মনে করি।
বিএনপিসহ ৬টি দল এখনো চূড়ান্ত (সংশোধিত) গঠনতন্ত্র ইসিতে জমা দেয়নি। বিদ্যমান আইনে আগামী জানুয়ারির মধ্যে তা জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
সাখাওয়াত হোসেন বলেন, "আশা করবো, আরপিও'র সঙ্গে সঙ্গতি রেখে দলগুলো গঠনতন্ত্র করবে। তারপরও দলীয় গঠনতন্ত্রে অসঙ্গতি থাকলে আলোচনার মাধ্যমে ইসি তা সংশোধন-পরিমার্জনের উদ্যোগ নেবে।"
অন্যদিকে, নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে দলগুলোর সঙ্গে ইসির সম্পর্ক আরো জোরদার হয়েছে বলে মন্তব্য করেন ছহুল হোসাইন।
ইতোমধ্যে নিবন্ধিত ৩৯টি দলের মধ্যে আওয়ামী লীগসহ ৩৩টি দল কাউন্সিলে অনুমোদনের মাধ্যমে ইসিতে সংশোধিত গঠনতন্ত্র জমা দিয়েছে।
স
bdnews24