নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরে বুধবার সকালে বাস চাপায় এক শিশু মারা গেছে। একইদিন সকালে ফতুল্লায় এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার বলেন, সকালে চাষাড়া রেলস্টেশনের পাশে রাস্তায় ফেরদৌস (১১) নামের শিশুটি বল খেলছিল। এ সময় একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এলাকাবাসী বাসটির চালক সুমনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
পুলিশ কর্মকর্তা আরো জানান, সকালে সদর উপজেলার ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় কেত্তা সেতুর নিচে একটি অজ্ঞাত ব্যক্তির লাশ দেখে এলাকাবসী পুলিশে খবর দেয়।
রাতে সেতু পার হওয়ার সময় গাড়ি চাপায় সেতুর রেলিং ভেঙে ওই বৃদ্ধ নিচে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। তার পরনে সাদা শার্টের ওপর আরো একটি লাল চেক শার্ট ও লুঙ্গি ছিল।
এ দু'টি ঘটনায় থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দু'টি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩০ ঘ.
bdnews24