ঠাকুরগাঁও, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এক শিশুর মৃত্যু হয়েছে।
এ ছাড়া ওই শিশুর মাসহ আরো ১০ জন আহত হয়েছেন।
নিহত ইমন (৩) উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের সেতাবুরের ছেলে।
আহতদের মধ্যে রয়েছেন- ইমনের মা মঞ্জেলা খাতুন (২৮), সেতাবুর, রবু, আতাবুর (৪২) ও কেতাব আলী (৪০)।
মাঞ্জেলা ও রবুকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যদের হরিপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে হরিপুর থানার ওসি আব্দুল জলিল সরকার সাংবাদিকদের জানান, জমি নিয়ে বেশ কয়েক বছর ধরে সেতাবুরের সঙ্গে তার ভাই রবু'র বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকাল ১১টার দিকে রবু'র লোকজন সেতাবুরের বাড়িতে হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় রবুর লোকজনের ধারালো রাম দায়ের কোপে সেতাবুরের ছেলে ইমন মারা যায়।
পুলিশ শিশুটির লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠিয়েছে।
বিকালে রবু ও তার ১০ সহযোগীকে আসামি করে থানায় মামলা করেছেন সেতাবুর। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৭ ঘ.
bdnews24