২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতিবিদ বরুণ রায়ের মৃত্যু

সুনামগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক সাংসদ প্রসূন কান্তি রায় (বরুণ রায়) মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2009, 02:36 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

সুনামগঞ্জ, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক সাংসদ প্রসূন কান্তি রায় (বরুণ রায়) মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী ও ১ ছেলে রেখে গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ শহরের হাসননগর বাসবভনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। কমিউনিস্ট পার্টির প্রবীণ এই নেতা ১৯২২ সালের ১০ নভেম্বর সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের বেহেলী গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্র ফেডারেশনের কর্মী হিসাবে তিনি কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসেন। ১৯৪২ সালে মাত্র ২০ বছর বয়সে পার্টির সদস্য হন। ওই বছরই স্বাধীনতা দিবসে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এরপর আবার ১৯৪৯ সালে গ্রেপ্তার হয়ে তিনি ১৯৫৩ সাল পর্যন্ত কারাবন্দি ছিলেন। মুক্তির পরও তাকে নজরবন্দি করে রাখা হয়। ১৯৫৪ সালে সুনামগঞ্জ ৩ আসন থেকে সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে নির্বচিত হন। এর কিছুদিন পরে তাকে আবার গ্রেপ্তার করা হয়। ১৯৫৮ সালে আইয়ুব খান সামরিক ফরমান জারি করে তাকে আবার গ্রেপ্তার করে। একাত্তরের মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় অংশ নেন এবং সংগঠক হিসেবে কাজ করেন। ১৯৮৬ সালে তিনি সুনামগঞ্জ-১ আসন থেকে কমিউনিস্ট পার্টির প্রাথী হিসাবে জয় লাভ করেন। ১৯৮৭ সালে এরশাদ সরকারের আমলে তাকে আবার গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এভাবে তার জীবনের ১৪ বছর কারাগারে কাটে। ৯০'র পর থেকে বরুণ রায় রাজনীতিতে সক্রিয় ছিলেন না। বিকাল সাড়ে ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা জানায়। পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ, বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্র্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জেলা আইনজীবী সমিতি, সুনামগঞ্জ প্রেসক্লাব, সুনামগঞ্জ পৌরসভা, সুনামগঞ্জ চেম্বার, যুব ইউনয়িন, ছাত্র ইউনিয়ন, উদীচী শিল্পী গোষ্ঠী, মহিলা পরিষদসহ বিভিন্ন সংগঠন। এ সময় সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ মতিউর রহমান, জেলা প্রশাসক জহির উদ্দিন আহমদ, পুলিশ সুপারিনটেনডেন্ট গোলাম কিবরিয়া ও সদর উপজেলা চেয়ারম্যান জয়নুল জাকেরিন উপস্থিত ছিলেন। এখানে সুনামগঞ্জ থানার ওসি আতাউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বরুণ রায়কে গার্ড অব অনার জানায়। পরে শহরের ষোলঘর এলাকার শশ্মানঘাটে তাকে দাহ করা হয়। বরুণ রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সুনামগঞ্জ-২ আসনের সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান, সিলেট সিটি মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান, সাংসদ মোয়াজ্জেম হোসেন, এম এ মান্নান, মতিউর রহমান ও মুহিবুর রহমান মানিক। এছাড়া আগামীকাল বুধবার সুনামগঞ্জে একদিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জিএনএ/এমএসবি/২০২০ ঘ.