২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর-পূর্ব বাংলাদেশের জন্য খুলে দিন: আইয়ার

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বাংলাদেশের বিনিয়োগের পথ খুলে দিতে জোরালো সমর্থন প্রকাশ করেছেন ক্ষমতাসীন কংগ্রেস পার্টির প্রবীণ নেতা মণিশঙ্কর আইয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2009, 12:45 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

নয়া দিল্লি, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বাংলাদেশের বিনিয়োগের পথ খুলে দিতে জোরালো সমর্থন প্রকাশ করেছেন ক্ষমতাসীন কংগ্রেস পার্টির প্রবীণ নেতা মণিশঙ্কর আইয়ার। নয়া দিল্লির নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, উত্তর-পূর্বাঞ্চলে সরকার বিনিয়োগ করলেও বেসরকারি খাত করছে না। "তাই উত্তর-পূর্বাঞ্চলে বাংলাদেশকে বড় পুঁজি বিনিয়োগে এবং তাদের পণ্যের বাজার সুবিধা দিতে কোনো বাধা থাকার কারণ নেই।" অনুষ্ঠানে বিবিসির সাংবাদিক সুবির ভৌমিকের বই 'ট্রাবলড পেরিফেরি: ক্রাইসিস অব ইন্ডিয়া'স নর্থইস্ট' এর মোড়ক উন্মোচন শেষে ভারতের সাবেক ইউনিয়ন মন্ত্রী আইয়ার আরো বলেন, "এটা হলে বাংলাদেশকে পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের কাছে বন্ধুত্বপূর্ণ হিসেবে পরিণত করার মাধ্যমে আমরা আমাদের ১৯৭১ এর স্বপ্ন পূরণ করতে পারবো।" বাংলাদেশসহ আশপাশের এলাকায় ভারতের 'স্বার্থ' এগিয়ে নিতে ভারতীয় কূটনীতি ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস) এর সাবেক এই কর্মকর্তা। "তবে এখন আমাদের ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছে। ঢাকায় খুবই বন্ধুত্বপূর্ণ সরকার আছে এবং বিচ্ছিন্নতবাদীদের মোকাবেলায় তারা আমাদের সাহায্য করছে। আমি মনে করি, আমাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া উচিত আমাদের।" প্রয়াত প্রধানমন্ত্রী রাজিব গান্ধীর ঘনিষ্ঠ এই রাজনীতিক গত এপ্রিল-মে মাসের সংসদ নির্বাচনের আগে পর্যন্ত কেন্দ্রীয় সরকারের 'পঞ্চয়েতি রাজ ও ডেভেলপমেন্ট অব নর্থইস্টার্ন রিজিয়ন' এর কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালক ভারতের প্রবীণ সম্পাদক বি জি ভারগিজ ভারতীয় নীতিনির্ধারকদের সীমান্তকে প্রতিবন্ধকের চেয়ে সেতুবন্ধক হিসেবে দেখার পরামর্শ দিয়ে বলেন, "সীমান্ত হচ্ছে তাই আপনারা তা দিয়ে যা করবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/জিএনএ/১৮৩৫ ঘ.