সিরাজগঞ্জ, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলা ও উপজেলা পর্যায়সহ দেশের সব জায়গায় দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. গোলাম রহমান।
তিনি বলেন, "আমাদের কর্মকাণ্ড শুধু রাজধানী ভিত্তিক নয়, বরং দেশভিত্তিক।"
মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 'দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগগ্রহণ' বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান এ কথা বলেন।
তিনি বলেন, কমিশনে কয়েক হাজার মামলা রয়েছে। এগুলো এখনো নিষ্পত্তি হয়নি। তাছাড়া জনবলও প্রয়োজনের তুলনায় কম। জনবল বাাড়নোর সঙ্গে সঙ্গে একে একে দেশের বিভিন্ন স্থানে দুর্নীতি বিরোধী ব্যবস্থা নেওয়া হবে।
দুর্নীতিকে ব্যাধি আখ্যা দিয়ে দুদক চেয়্যারম্যান বলেন, "আমরা যদি আগে নিজে সৎ হই এবং যার যার অবস্থান থেকে নিজেদের দুর্নীতি থেকে মুক্ত রাখি তাহলে দুর্নীতি অনেকটাই কমে আসবে।"
সরকারি কর্মকর্তাদের কাজে কর্মে স্বচ্ছতা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে নিজ নিজ কার্যালয়ের সামনে নাগরিক সনদ ঝুলিয়ে রাখতে হবে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আয়েজউদ্দীন, পুলিশ সুপারিনটেনডেন্ট মোশারফ হোসেন, সিভিল সার্জন ডা. নূরুল ইসলাম তালুকদার, ডেপুটি জেলার মো. শফিউল আযম প্রমুখ।
এরপর দুদক চেয়ারম্যান কালেক্টরেট ভবনের সামনে বিভিন্ন পেশাজীবি সংগঠন, মুক্তিযোদ্ধা, স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পালিত দুর্নীতি বিরোধী মানববন্ধনে যোগ দেন।
এ সময় তিনি সবাইকে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৭ ঘ.
bdnews24