২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপুরায় রহস্যজনক বিস্ফোরণে নিহত ১

রাজধানীর রামপুরায় সোমবার রাতে রহস্যজনক এক বিস্ফোরণে একজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2009, 06:31 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রামপুরায় সোমবার রাতে রহস্যজনক এক বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। তবে পুলিশ বলছে এটি অগ্নিকাণ্ড। আর দমকল বাহিনী বলছে সেখানে আগুনের কোনও চিহ্ন পাওয়া যায়নি। অন্যদিকে এলাকাবাসী জানিয়েছেন, তারা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছেন। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ হাশমী জানান, রামপুরা ৪২/২/বি পূর্ব হাজীপাড়ার একটি বাড়িতে (পূর্ব হাজীপাড়া মসজিদের পাশে) সোমবার রাতে এক অগ্নিকাণ্ডের পর একজনের মৃতদেহ পাওয়া গেছে। বাড়িটির পাঁচতলায় এ ঘটনা ঘটে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশের মতিঝিল জোনের উপ-কমিশনার খন্দকার মুহিতউদ্দীন জানান, ওই বাসায় একটি মাইক্রোওয়েভ ওভেন গলে যাওয়া অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সেটির বিস্ফোরণে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে এবং আগুনে পুড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এদিকে দমকল সদরদপ্তরের কর্তব্য কর্মকর্তা আতাউর রহমান জানান, রাত ১০টা ৩৮ মিনিটে দমকলের গাড়ি গিয়ে ঘটনাস্থলে কোনো আগুন পায়নি। ছয়তলা বাড়িটির পাঁচতলার দরজা-জানালা ভাঙা ছিল। সেখানে আগুনের কোনও চিহ্নও পাওয়া যায়নি। বাড়ির নীচে আনুমানিক ২৭/২৮ বছরের অজ্ঞাত একজনের ঝলসানো মৃতদেহ পাওয়া গেছে। তবে ঘটনাটি বিস্ফোরণ কি না জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "দমকল কর্মীরা আগুন নিভাতে যায়, তারা আগুন খোঁজে। এখানে বিস্ফোরণ ঘটেছে কি না তা আমরা এখন বলতে পারবো না।" ওই বাড়ির পাশের বাসিন্দা অজিত কুমার দেব জানান, রাত সাড়ে ১০টার দিকে বাড়িটির পাঁচতলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/ডিডি/এইচএ/০০২৯ ঘ.