ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রাস্তায় যানবাহন চলাচলের ক্ষেত্রে তিন লেন পদ্ধতি না মানলে মঙ্গলবার থেকে শাস্তি ও জরিমানার সম্মুখীন হতে হবে চালকদের।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক সোমবার সন্ধ্যায় পরিবহন শ্রমিক-মালিকদের সঙ্গে মতবিনিময়ে জানান, টঙ্গী ডাইভারশন রোড, মিরপুর রোড ও ভিআইপি রোডের ১২টি স্থানে লেন না মেনে গাড়ি চালানোর বিরুদ্ধে অভিযান চলবে।
প্রতিটি পয়েন্টে ট্রাফিক আইন ভঙ্গকারী চালকের কাছ থেকে স্ট্যাম্পের মাধ্যমে নগদ জরিমানা আদায় করা হবে। তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধে ব্যর্থ হলে মামলা করা হবে।
ওইসব সড়কের প্রতি পয়েন্টে পরিবহন মালিক-শ্রমিক নেতারা উপস্থিত থেকে পুলিশকে সহায়তা করবেন। সহযোগিতায় থাকবেন রোভার স্কাউট সদস্যরাও।
মহানগর পুলিশ কমিশনারের সভাপতিত্বে মহানগর পুলিশের সম্মেলন কক্ষে ট্রাফিক বিভাগের কর্মকর্তারা পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
গত ১ ডিসেম্বর থেকে লেন পদ্ধতি মেনে চলার জন্য পুলিশ প্রচারণা শুরু করে।
রাস্তার ডান পাশে থাকবে প্রথম লেন। মাঝখানে দ্বিতীয় লেন। বাঁপাশে থাকবে তৃতীয় লেন।
প্রথম লেনে কার, মাইক্রোবাস, জিপ ও ভিআইপিদের গাড়ি চলবে। যেসব গাড়ি সামনে গিয়ে ডানে মোড় নেবে সেগুলো এই লেনে থাকবে।
মাঝখানের দ্বিতীয় লেনে চলবে বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান।
তৃতীয় লেনে অটো রিকশা, হিউম্যান হলার ও টেম্পো চলবে। যেসব গাড়ি সামনের ক্রসিংয়ে বাঁয়ে মোড় নেবে সেগুলো এই লেনে থাকবে।
লেনে চলার সময় ওভারটেক করা নিষেধ। যত্রতত্র ইচ্ছামতো লেন পরিবর্তন করা যাবে না। সামনের ক্রসিংয়ে বাঁয়ে বা ডানে মোড় নিতে হলে গাড়িটিকে আগেই বাঁয়ের বা ডানের লেন ধরে চলতে হবে। আর ক্রসিংয়ে বাঁয়ের বা ডানের লেন বন্ধ করে রাখা যাবে না।
এছাড়া যত্রতত্র গাড়ি পার্কিং বা নির্দিষ্ট স্থান ছাড়া বাস থামানো যাবে না।
ট্রাফিক আইন অমান্যকারীর শাস্তির ব্যাখ্যা দিয়ে মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার ওয়ালিদ হোসেন বলেন, "অবস্থাভেদে শাস্তির বিধান প্রযোজ্য হবে। কোনো ক্ষেত্রে শুধু জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হতে পারে। আবার কোনো ক্ষেত্রে জরিমানা, মামলা ও ন্যূনতম তিনমাসের জন্য চালকের লাইসেন্স স্থগিত করার শাস্তিও দেওয়া হতে পারে। ক্ষেত্রে বিশেষে চালককে গ্রেপ্তার করাও হতে পারে।"
সভায় পরিবহন নেতারা লেন ভঙ্গকারীর বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করার পক্ষে মতামত দেন।
এর আগে ২১ নভেম্বর এক সংবাদ সম্মেলনে নগরীর যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি পুনঃপ্রবর্তন ও লেন পদ্ধতি চালুর ঘোষণা দেন পুলিশ কমিশনার।
এরপর ২১ থেকে ২৮ নভেম্বর পরীক্ষামূলকভাবে সিগন্যাল বাতির মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এজে/ডিডি/এইচএ/০০০৫ ঘ.
bdnews24