২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে এইডস ঝুঁকি বাড়ছে: প্রতিবেদন

একই সিরিঞ্জের বহু ব্যবহার, সমকামিতা ও অরক্ষিত যৌনসংসর্গের কারণে বাংলাদেশে এইডস ঝুঁকি ক্রমে বেড়েই চলেছে বলে এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2009, 05:56 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই সিরিঞ্জের বহু ব্যবহার, সমকামিতা ও অরক্ষিত যৌনসংসর্গের কারণে বাংলাদেশে এইডস ঝুঁকি ক্রমে বেড়েই চলেছে বলে এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে। এ ছাড়া প্রতিবেশী দেশের সঙ্গে বাণিজ্য ও যাতায়াত বৃদ্ধির কারণে দেশে এইডস ঝুঁকি বাড়ছে। সোমবার রাজধানীর একটি হোটেলে 'টুয়েন্টি ইয়ারস অব এইচআইভি ইন বাংলাদেশ: এক্সপেরিয়েন্স অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড' শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে একথা বলা হয়। প্রতিবেদনে প্রকাশ অনুষ্ঠানে বক্তরা বলেন, ১৯৮৯ সালে বাংলাদেশে প্রথম এইডস রোগী সনাক্ত হয়। এরপর থেকেই সরকারি ও বেসরকারি পর্যায়ে এ বিষয়ে সচেতনতামূলক ব্যবস্থা নেওয়ায় এইচআইভি'র বিস্তার তেমন ঘটেনি। বিশ্বব্যাংক ও ইউএনএইডস যৌথভাবে এ প্রতিবেদনটি তৈরি করেছে। এতে বলা হয়, বাংলাদেশে একই সিরিঞ্জ বহুবার ব্যবহৃত হওয়ায় মাদকাসক্তদের মধ্যেই এইচআইভির বিস্তার ঘটছে। গত বিশ বছরে এদের মধ্যেই এইচআইভি সবচেয়ে বেশি ছড়িয়েছে। বিদেশ থেকে আসা শ্রমিক, সীমান্ত এলাকার যৌনকর্মী ও সমকামীদের ক্ষেত্রে এই হার আশংকাজনক পর্যায়ে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ঝুঁকিবহুল ক্ষেত্রগুলো পুরোপুরি নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণে আনা না হলে অবস্থা আরো মারাত্মক হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে এইডস প্রতিরোধে যৌথ কর্ম পরিকল্পনা, জোরালো নজরদারী, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য উন্নত সুরক্ষা ব্যবস্থা গ্রহণ ও চিকিৎসা সেবার সুপারিশ করা হয়। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, এইডস-এর ভয়াবহ দিকটি উপলদ্ধি করতে পেরে এদেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। চিকিৎসা সেবারও অনেক উন্নতি হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর অ্যালেন গোল্ডস্টেইন, ইউএনএইডস-এর কান্ট্রি কো-অর্ডিনেটর সেলিল পানাকাদান, আইসিডিডিআর,বি'র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক স্টিভ লুবে প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/ডিডি/এইচএ/২৩৫০ ঘ.