ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের কৃষকদের খাদ্য উৎপাদন প্রক্রিয়া পরিবেশকে দূষিত করছে বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক।
সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, "আমাদের কৃষকরা শস্য উৎপাদন প্রক্রিয়ায় রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে থাকেন। এর মাধ্যমে পরিবেশ দূষিত হয়। শিল্পবর্জ্যও পরিবেশ দূষণ করে।
"এছাড়া, দুধ, ডিম, ফল-মূল, মাছ-মাংসে রাসায়নিক দ্রব্য ব্যবহারের কারণে খাদ্যে মারাত্মক বিষক্রিয়া সৃষ্টি হচ্ছে। এতে মানব-স্বাস্থ্য মারাত্মক হুমকির মধ্যে পড়েছে। কিডনি বিকল, লিভারে জটিলতা ও ক্যান্সারসহ মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।"
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে তদারকি জোরদারের পাশাপাশি খাদ্যে ভেজাল রোধে বর্তমান সরকার 'জাতীয় খাদ্য নিরাপত্তা কাউন্সিল' কার্যকর করার উদ্যোগ নিচ্ছে বলে জানান মন্ত্রী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের উদ্যোগে 'অর্গানিক পলিউট্যান্ট্স ইন ফুড, ক্রপ্স অ্যান্ড এনভায়রনমেন্ট' শীর্ষক দুই দিনব্যাপী এক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সুইডেনের উপসালা ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল সায়েন্স প্রোগ্রামের পরিচালক পিটার সানডিন বলেন, "জাতীয় সীমানা ছাড়িয়ে খাদ্য ও পরিবেশ দূষণ সারা পৃথিবীর হুমকিতে পরিণত হয়েছে। তাই এটাকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।"
ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও রসায়ন বিভাগের চেয়ারম্যান তাজমেরী এস এ ইসলাম, আয়োজক কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক নীলুফার নাহার, সদস্য অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা প্রমুখও বক্তব্য রাখেন।
দেশি-বিদেশি বিশেষজ্ঞরা এদিন সকাল থেকে তিনটি সেশনে নয়টি প্রবন্ধ উপস্থাপন করেন। মঙ্গলবার আরো নয়টি উপস্থাপন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/জিএনএ/২১০৫ ঘ.
bdnews24