রাজশাহী, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকির মামলায় জামায়াত-ই আহলে হাদিস নেতা রেজাউল করিমকে আরো তিনদিন জিজ্ঞাসাবাদের (রিমান্ড) জন্য পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।
সোমবার রাজশাহী মহানগর হাকিম আদালতে হাজির করে তাকে আরো পাঁচদিন জিজ্ঞাসাবাদের অনুমতি চায় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শুনানি শেষে হাকিম রুহুল আমিন তিনদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
গত ১৯ নভেম্বর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে হত্যার হুমকি দেওয়া হয়। ১৭ নভেম্বর রাজশাহীর সাহেব বাজার থেকে হুমকি দিয়ে চিঠিটি পোস্ট করা হয় বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে।
গত ৩ ডিসেম্বর এই অভিযোগে জামায়াত-ই আহলে হাদিস'র সেক্রেটারি জেনারেল ও বগুড়ার আযিযুল হক কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক রেজাউল করিমের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলাটি করেন রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক মতিউর রহমান।
বগুড়ার বাসা থেকে তাকে ২৩ নভেম্বর আটক করে পুলিশ। ২৫ নভেম্বর ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে সাতদিন জিজ্ঞাসাবাদ করা হয়।
১ ডিসেম্বর দ্বিতীয় দফায় তাকে আরো তিনদিন জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) মাহফুজুর রহমান সাংবাদিকদের জানান, ঢাকায় সিআইডির 'হ্যান্ড রাইটিং' বিভাগের বিশেষজ্ঞ দল চিঠিটি পরীক্ষা-নিরীক্ষা করেছে। আজ (সোমবার) এই সংক্রান্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়।
প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশে করে এসি মাহফুজ বলেন, এ বিষয়ে আরো তদন্ত প্রয়োজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৫ ঘ.
bdnews24