ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের দু'পাশে দুই পরাশক্তির উত্থান ঘটছে। এর ঐতিহাসিক প্রেক্ষাপট দেশের নেতাদের বুঝতে হবে ও তাকে কাজে লাগাতে হবে।
রোববার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (বিআইপিএসএস) আয়োজিত এক আলোচনায় এ মন্তব্য করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এএনএম মনিরুজ্জামান।
সিনো-ইউএস রিলেশনশিপ: ইমার্জিং ট্রেন্ডস অ্যান্ড পসিবিলিটিজ' শীর্ষক ওই আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থপন করেন বিবিসির সাবেক সমন্বয়ক (এশিয়া প্যাসিফিক) নিরাপত্তা বিশ্লেষক ড. এস মাহমুদ আলী। আরও বক্তব্য দেন বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত ঝাং জিয়ানি।
মূল প্রবন্ধে এস মাহমুদ আলী বলেন, "আমেরিকায় নতুন সরকার গঠনের পর চীন-আমেরিকা সম্পর্ক অনেকখানি পাল্টে গিয়েছে। প্রতিযোগী মনোভাবাপন্ন দু' দেশের সম্পর্ক এখন বন্ধুত্বপূর্ণ। বিশ্ব মন্দা মোকাবেলায় এই দু'টি দেশ একযোগে কাজ করে যাচ্ছে।"
চীনের রাষ্ট্রদূত বলেন, "বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র ও চীন এ দু'টি দেশেরই ভাল সম্পর্ক রয়েছে। চীন ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক ভাল হলে তা বাংলাদেশের জন্য ভাল হবে।"
বিআইপিএসএস এর চেয়ারম্যান এএনএম মনিরুজ্জামান বলেন, "বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত ও চীন এখন পরাশক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। বাংলাদেশের নেতাদের পরাশক্তির উত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট বুঝতে হবে এবং এটাকে কাজে লাগাতে হবে।"
ভৌগোলিকভাবেই বাংলাদেশ পাশে দু'দুটি পরাশক্তিকে পাচ্ছে মন্তব্য করে মনিরুজ্জামান বলেন, একে কাজে লাগাতে না পারলে আমাদের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।
সন্ত্রাসবাদ মোকাবেলা বিষয়ে কর্মশালা
এর আগে রোববার সকালে হোটেল শেরাটনে বিআইপিএসএস আয়োজিত পাঁচদিনব্যাপী সন্ত্রাসবাদ মোকাবেলা (কাউন্টার টেরোরিজম) বিষয়ক আন্তর্জাতিক কর্মশালার প্রথম দিনের কর্মসূচি শেষ হয়। বাংলাদেশের সশস্ত্র বাহিনী, আইন-শৃঙ্খলারক্ষী বাহিনী, আমলা, ব্যাংক কর্মকর্তা, সাংবাদিক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন পেশার ৩৬ জন এ কর্মশালায় অংশ নিচ্ছেন।
সন্ত্রাসবাদের বিভিন্ন ধরণ, মানি লন্ডারিং ইত্যাদি কর্মশালার আলোচ্য বিষয় হিসেবে স্থান পাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২২১০ঘ.
bdnews24