২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ৭ 'রাজাকার'র বিরুদ্ধে মামলা

মুক্তিযুদ্ধের সময় হত্যা ও লুটপাটের অভিযোগে সাত 'রাজাকার'র বিরুদ্ধে মামলা হয়েছে রাজশাহীর একটি আদালতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2009, 02:36 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

রাজশাহী, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় হত্যা ও লুটপাটের অভিযোগে সাত 'রাজাকার'র বিরুদ্ধে মামলা হয়েছে রাজশাহীর একটি আদালতে। রাজশাহীর জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে রোববার মামলাটি করেন রাজশাহীর মোহনপুর উপজেলার বৃহাটরা গ্রামের আব্দুল আলাম দেওয়ান। হাকিম মোমিনুন নেসার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মোহনপুর থানাকে নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন- উপজেলার উষায়ের হাট গ্রামের আতার আলী, নূর হোসেন, সিঁন্দুরী গ্রামের মহেদ আলী, বড়াইল গ্রামের রফিক, খালেক এবং লালইচ গ্রামের এজাজ ও জেকের আলী। মামলার নথি থেকে জানা যায়, মুক্তিযোদ্ধাদের সহায়তা করায় ১৯৭১ সালের ২৮ নভেম্বর ভোরে আসামিরা বৃহাটরা গ্রামে বাদীর চাচাত ভাই আব্দুল আজিজ দেওয়ানকে বাড়িতে গুলি করে হত্যা আসামিরা। এরা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর রাজাকার বাহিনীর সদস্য ছিলেন। যাওয়ার সময় তারা আজিজের বাড়ি থেকে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। মোহনপুর থানার ওসি মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতের নির্দেশ এখনো থানায় আসেনি। লিখিত নির্দেশ থানায় এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যুদ্ধাপরাধের অভিযোগে রাজশাহীতে এর আগে বেশ কয়েকটি মামলা হলেও দুই মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ১৩ ফেব্র"য়ারির একটি মামলায় মোহনপুরের বেড়াবাড়ি এলাকার দাউদ হোসেন ও নুরে আনোয়ারকে গ্রেপ্তার করা হয়। ১২ এপ্রিলের একটি মামলায় গ্রেপ্তার করা হয় দুর্গাপুর উপজেলার উজানখলশি গ্রামের আব্দুল জব্বারকে। তারা বর্তমানে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২৭ ঘ.