ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব বাণিজ্য সংস্থার সম্মেলন থেকে ফিরে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বললেন, বাংলাদেশের উত্থাপিত পাঁচটি বিষয় গুরুত্ব পেয়েছে।
গত ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর সুইজারল্যাণ্ডের জেনেভাতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সদস্য দেশগুলোর মন্ত্রী পর্যায়ের সপ্তম বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রতিনিধিদল এতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে অংশ নেয়।
রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ফারুক খান বলেন, "সম্মেলনে আমরা পাঁচটি বিষয় উত্থাপন করেছি। এ বিষয়গুলো সম্মেলন শেষে যে সামারি তৈরি করা হয়েছে তাতে রয়েছে।"
তিনি জানান, বাংলাদেশের পক্ষ থেকে সম্মেলনে উত্থাপন করা বিষয়গুলোর মধ্যে রয়েছে বিশ্ব মন্দার কারণে দেশের রপ্তানি খাতের ক্ষতিগ্রস্ত অবস্থা, উন্নত দেশগুলোতে পণ্য প্রবেশে শুল্কমূক্ত সুবিধা দেওয়া, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি, উন্নয়নশীল দেশগুলোতে উন্নত দেশের খাদ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ না করার আবেদন এবং জলবায়ু পরিবর্তন ও বিশ্ব মন্দার প্রভাবে রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশকে 'ডিসপ্রপোরশনেটলি অ্যাফেক্টেড কান্ট্রি-র' (ডিএসি) মর্যাদা দেওয়া।
যুদ্ধ ও অন্যান্য কারণে ডিএসি হিসেবে চিহ্নিত হওয়ায় শ্রীলঙ্কা ও পাকিস্তানের বাছাই করা ৫টি পোশাক পণ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে রপ্তানির ট্যারিফ রেট ১৫ শতাংশ থেকে ৫ শতাংশে কমিয়ে আনা হয়েছে।
প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কা ও পাকিস্তান এ সুবিধা পেলে বাংলাদেশের পোশাক শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
সম্মেলনের পাশাপাশি সার্ক দেশগুলোর মন্ত্রীদের মধ্যে বৈঠক হওয়ার কথা জানিয়ে ফারুক খান বলেন, বাংলাদেশও ডিএসি সুবিধা পেলে পাকিস্তান ও শ্রীলঙ্কা আপত্তি করবে না বলে জানিয়েছে।
এছাড়া ডব্লিউটিও সম্মেলনে ২০১০ সালের মধ্যে উন্নত দেশগুলোতে এলডিসিভুক্ত দেশগুলোর পণ্য শুল্কমুক্ত সুবিধায় প্রবেশের দাবি জানানো হয় বলে জানান ফারুক খান।
যুক্তরাষ্ট্রের বাজারে এলডিসিভুক্ত দেশগুলোর ৯৭ ভাগ পণ্য শুল্কমুক্ত সুবিধায় প্রবেশ করে। কিন্তু এ ৯৭ ভাগ পণ্যের মধ্যে তৈরি পোশাক ও চামড়াজাত দ্রব্যসহ বাংলাদেশের প্রধান রপ্তানি দ্রব্যগুলোই নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসকে/২০২৮ঘ.
bdnews24