ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য রাজধানীর আব্দুল গনি রোডে ট্রাইব্যুনাল স্থাপনের কাজ শুরু হয়েছে।
আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা রোববার গণপূর্ত বিভাগের লোকজন নিয়ে গনি রোডের ১৪ নম্বর বাড়িটিতে ট্রাইব্যুনালের জন্য বিভিন্ন কক্ষের সাজগোছ ও সংস্কার কাজ শুরু করেছেন।
আইনমন্ত্রী শফিক আহমেদ রোববার তার সচিবালয়ের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "বসার জায়গা হয়ে গেলেই ট্রাইব্যুনাল গঠন করে বিচার কাজ শুরু করা হবে।"
ট্রাইব্যুনাল স্থাপন কাজের তদারকের দায়িত্বে থাকা আইন মন্ত্রণালয়ে উপ-সচিব এ এস এস এম জহিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোন কক্ষে এজলাস, অফিস, নিরাপত্তা কক্ষ, তদন্ত কর্মকর্তাদের কক্ষ ও পরিদর্শকদের কক্ষ হবে তা আমরা গণপূর্ত কর্মকর্তাদের বুঝিয়ে দিয়েছি। তারা এগুলো তৈরি করবে।"
এক মাসের মধ্যেই নির্মাণ ও সংস্কার কাজ শেষ হবে বলে আশা করছেন তিনি।
গণি রোডের ওই বাড়িতে থাকা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপিলেট ট্রাইব্যুনাল ও নিবন্ধন পরিদপ্তরের কার্যালয় কারওয়ান বাজারের জনতা টাওয়ারে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জহিরুল জানান।
গত জানুয়ারিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠনের পর ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেয়। এ জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-১৯৭৩ সংশোধন করা হয়। এ আইনেই অভিযুক্তদের বিচার করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমইউএস/এমআই/১৪৫০ ঘ.
bdnews24