২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রোম সংবিধি অনুসমর্থন যুদ্ধাপরাধ বিচারে সহায়ক হবে'

আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচার ও নানা আইনি সহায়তার জন্য রোম সংবিধিতে অনুসমর্থন দিতে পারে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2009, 08:11 AM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচার ও নানা আইনি সহায়তার জন্য রোম সংবিধিতে অনুসমর্থন দিতে পারে বাংলাদেশ। আইনমন্ত্রী শফিক আহমেদ রোববার এ তথ্য জানিয়ে বলেছেন, তা করলে একাত্তরের যুদ্ধাপরাধ ও গণহত্যার বিচারে প্রসিকিউটরদের প্রশিক্ষণ ও অন্যান্য সহযোগিতা করতে পারবে আইসিসি। আইসিসির প্রেসিডেন্ট স্যাং-হিয়ুন সংয়ের সঙ্গে সচিবালয়ে বৈঠকের পর আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। ১৯৯৮ সালে রোম সংবিধির (রোম স্টাটিউট) মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আইসিসি। ১৯৯৯ সালে বাংলাদেশ এতে সাক্ষর করলেও সংবিধিকে অনুসমর্থন দেয়নি। আইনমন্ত্রী বলেন, "যেহেতু আওয়ামী লীগ নেতৃত্বের আগের সরকার এটাতে স্বাক্ষর করেছে, তাই এ সরকার এটার অনুসমর্থন দিতে পারে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কেবিনেট।" এর ফলে একাত্তরের যুদ্ধাপরাধ ও গণহত্যার বিচার আইসিসিতে করা যাবে কি না- প্রশ্ন করা হলে শফিক বলেন, "অনুসমর্থন দেওয়ার পরের ঘটনার বিচার সেখানে বিচার করা যাবে। "তবে যদি অনু সমর্থন দেই তাহলে ৭১ এর যুদ্ধাপরাধীদের বিচারের প্রসিকিউটরদের প্রশিক্ষণ ও অন্যান্য সহযোগিতা করতে পারবে আইসিসি।" আইসিসির ওয়েবসাইটের তথ্যানুযায়ী, রোম সংবিধিকে ৬০টি দেশ অনুসমর্থন দিয়েছে এবং ১২০টি দেশ গ্রহণ করেছে। এশিয়ার ১৪টি দেশ রোম সংবিধিতে অনুসমর্থন দিয়েছে জানিয়ে আইসিসি প্রেসিডেন্ট আশা প্রকাশ করেছেন, বাংলাদেশও তা দেবে। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে তার মতামত জানতে চাইলে স্যাং বলেন, এটা এ মুহূর্তে আইসিসির কোনো বিষয় নয়। ২০১০ সালের মার্চ মাসের মধ্যে অনুসমর্থন দিলে ওই বছরের মে মাসে অনুষ্ঠেয় আইসিসির রিভিউ কনফারেন্সে যোগ দিতে পারবে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমইউএস/এমআই/১৪০০ ঘ.