ঢাকা ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে সেনাবাহিনীর একটি লরির ধাক্কায় টেম্পো উল্টে গিয়ে একজন স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
শনিবার দুপুর সাড়ে ৩টা নাগাদ গাজীপুরের নাউজুর পদ্মা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত আরো ৪জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহতের নাম জিয়ারত হোসেন খান জাহাঙ্গীর (৪২)। তিনি কোনাবাড়ির পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। দুর্ঘটনায় আহত হবার পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বোনের স্বামী হাবিবুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, সেনাবাহিনীর একটি লরি পাশ কাটানোর সময় জাহাঙ্গীরকে বহনকারী টেম্পোকে ধাক্কা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২৩৩৪ঘ.
bdnews24