সাভার, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া মজুরি পরিশোধের দাবিতে শনিবার দুপুরে সাভারের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা আশুলিয়া থানা ঘেরাও করেছে।
আশুলিয়ার টংগাবাড়ী এলাকার 'রসিন এক্সপোর্ট ইম্পোর্ট' নামের ওই কারখানার শ্রমিকরা বকেয়া পরিশোধে ঈদের আগে আন্দোলন করেছিলেন। তখন থানা পুলিশ তাদের আশ্বাস দিয়েছিল ঈদের পর সব পাওনা পরিশোধের ব্যবস্থা করে দেবে। ওই আশ্বাস পেয়ে তারা আন্দোলন স্থগিত করেছিলেন।
আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, কারখানাটির প্রায় ২০০ শ্রমিক সকাল ৮টার দিকে কারখানায় গিয়ে প্রধান ফটকে তালা ঝুলতে দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠে। দুপুরের দিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে আশুলিয়া থানা ঘেরাও করে।
পরে পুলিশ কর্মকর্তারা শ্রমিকদের পাওনা পরিশোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা ফিরে যায়।
তিনি বলেন, কারখানা মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যাচ্ছে না। পরিস্থিতির অবনতির আশঙ্কায় কারখানায় এলাকায় পুলিশ মোতায়েন করার চিন্তা ভাবনা করা হচ্ছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২২৪ ঘ.
bdnews24