রাঙামাটি, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক উদ্যোগের মাধ্যমে পার্বত্যাঞ্চলের ভূমি সমস্যার সমাধান হতে পারে বলে মনে করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।
তিনি বলেন, "পার্বত্য চট্টগ্রামের মূল সমস্যা ভূমি- এটি নিরসন করতে পারে একমাত্র রাজনৈতিক উদ্যোগ। আর সে উদ্যোগের মূলে রয়েছে শান্তিচুক্তির যথাযথ বাস্তবায়ন।"
শনিবার রাঙামাটিতে 'পার্বত্য জেলাসমুহের ভূমি তথ্য ব্যবস্থাপনা তথ্য অধিকার ও উন্নয়ন' শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জনসংহতি সমিতির চেয়ারম্যান সন্তু লারমা এ কথা বলেন।
তিনি বলেন, চুক্তি (পার্বত্য শান্তিচুক্তি) স্বাক্ষর করেছি অনেক ত্যাগ ও রক্তপাতের মধ্য দিয়ে। আন্দোলনের মধ্য দিয়ে চুক্তি বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে হবে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এবং পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলন কমিটি যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে।
সন্তু লারমা মনে করেন, পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনকে কার্যকর করতে হলে ভূমি বিরোধ নিষ্পত্তি আইন সংশোধন করা দরকার।
তিনি বলেন, ২০০১ সালে শেখ হাসিনার সরকার কৃতিত্ব নেওয়ার জন্য তাড়াহুড়ো করে এ আইনটি পাস করেছিলো।
পার্বত্য চট্টগ্রাম ভুমি কমিশনের বর্তমান চেয়ারম্যানকে পরিবর্তন করারও দাবি জানান সন্তু লারমা।
জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গৌতম দেওয়ানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- এএলআরডি'র উপ-পরিচালক রওশন জাহান মনি, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক সুদত্ত বিকাশ তংচংগ্যা।
এ ছাড়া বিভিন্ন এলাকার হেডম্যান, কারবারী ও সুশীল সমাজের নেতারা মতবিনিময়ে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৯ ঘ.
bdnews24