২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে সংঘর্ষে নিহত ১

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2009, 12:43 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ফরিদপুর, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার উপজেলার ছয়টি গ্রামের প্রতিপক্ষ দুটি দলের মধ্যে তিন ঘণ্টা ধরে এই সংঘর্ষ হয়। পরে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত শাহাবুদ্দিন মোল্লা (৪৫) পুকুরিয়া গ্রামের বাসিন্দা। আহত রহমান (৪০) ও শাজাহান তালুকদারকে (৪৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং রওশন মুন্সীকে (৪৫) ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ভাঙ্গা থানার ওসি মো. মারফতউল্লাহ বলেন, উপজেলার মানিকদহ ইউনিয়ন পরিষদ সদস্য পুকুরিয়া গ্রামের বাসিন্দা করিম তালুকদারের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ রয়েছে একই গ্রামের মোমরেজ তালুকদারের সঙ্গে। এর জেরে করিম তালুকদারের এক সমর্থককে বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের লোকজন মারধর করে। রাতে দু'পক্ষ মুখোমুখি হলে ভাঙ্গা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার ভোর ছ'টার দিকে উভয়পক্ষের সমর্থকরা ঢাল, কাতরা, সড়কিসহ নানা দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরবর্তীতে পাশের মানিকদহ ইউনিয়নের নাজিরপুর, খাড়াকান্দা-নাজিরপুর ও পুকুরিয়া এবং নূরুল্যাগঞ্জ ইউনিয়নের ধর্মদী, দক্ষিণকান্দা-গঙ্গাধরদী ও মিরাকান্দা গ্রামে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে করিম তালুকদারের সমর্থক শাহাবুদ্দিন প্রতিপক্ষের রামদায়ের কোপে আহত হন। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পথে তিনি মারা যান। সকাল ৯টার দিকে পুলিশ ও র‌্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে। কেউ গ্রেপ্তার হয়নি। মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা মারফত জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৩৩ ঘ.