রুহুল আমিন রানা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই ধরনের কাজে অন্য দেশে ব্যর্থ হলেও বিদেশি একটি প্রতিষ্ঠানকে অত্যাধুনিক পাসপোর্ট তৈরির মতো কাজ দিতে যাচ্ছে সরকার।
একই কাজ পাওয়ার দৌড়ে 'অদক্ষ' ওই প্রতিষ্ঠানটির একমাত্র প্রতিদ্বন্দ্বীর দেশি সহযোগী প্রতিষ্ঠানটিও কালো তালিকায় আছে কেন্দ্রীয় ব্যাংকের।
কয়েকটি উচ্চ পর্যায়ের সরকারি সূত্র বলছে, দরপত্রে বর্ণিত আবশ্যকীয় বেশ কিছু শর্ত পূরণে ব্যর্থ প্রতিষ্ঠান দুটিকে দিয়ে মেশিনে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) ও মেশিনে পাঠযোগ্য ভিসা (এমআরভি) তৈরির কাজ দেওয়ার সুপারিশ করার ক্ষেত্রে নিয়ম নীতির তোয়াক্কা করেনি এ সংক্রান্ত মূল্যায়ন কমিটি।
তারা আরো জানিয়েছে, সরকারি নানা ধাপ পেরুনোর নিয়মকে পাশ কাটিয়ে এসব 'অদক্ষ'দের বিপুল অঙ্কের অর্থের এই কাজ পাইয়ে দেওয়ার বিষয়টি এখন সরকারের শীর্ষ মহলের অনুমতির অপেক্ষায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনুসন্ধানে দেখা গেছে, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন এমআরপি প্রকল্পের মূল্যায়ন কমিটির বিচারে যোগ্য বিবেচিত মালয়েশিয়াভিত্তিক 'আইআরআইএস কর্পোরেশন বারহাড' এবং 'ফ্লোরা টেলিকম লিমিটেড অ্যান্ড গ্যামেলটো' কোম্পানি দরপত্রের আবশ্যকীয় বেশ কিছু শর্ত ও যোগ্যতা পূরণ করতে পারেনি।
কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দিতে যোগ্য বলে বিবেচিত 'আইআরআইএস' তুরস্কে এবং ফ্লোরা টেলিকম লিমিটেড'র সহযোগী প্রতিষ্ঠান 'পাটিমাস' বাংলাদেশ ব্যাংকে কালো তালিকাভুক্ত।
এ সংক্রান্ত নথিপত্রে দেখা গেছে, এমআরপি/এমআরভি তৈরির পূর্ব অভিজ্ঞতার ক্ষেত্রেও ঘাটতি রয়েছে এ দুুটি প্রতিষ্ঠানের।
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও) ২০১০ সালের এপ্রিলের মধ্যে মেশিনে পাঠযোগ্য পাসপোর্ট ও ভিসা চালু করার জন্য সব দেশকে নির্দেশ দেয়। মেয়াদ পেরিয়ে যাওয়ার পর এমআরপি/এমআরভি ছাড়া বিদেশ যাওয়া সম্ভব হবে না বলে জানিয়ে দিয়েছে সংস্থাটি।
এ নির্দেশনার পর বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর দেশে এমআরপি/এমআরভি চালুর জন্য প্রকল্প গ্রহণ করে। এ বছরের জুলাইয়ে প্রকল্পের কাজ শুরু হয়। শেষ হবে ২০১৪ সালের জুনে।
সরকার সেনাবাহিনীকে এ প্রকল্পের ব্যবস্থাপনা তত্ত্বাবধানের দায়িত্ব দেয়। ব্রিগেডিয়ার জেনারেল রেফায়েত উল্ল্যাহকে প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয়।
এ বছরের ১৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক দরপত্র আহ্বান এবং ২৭ অক্টোবর দরপত্র খোলা হয়। এতে বিভিন্ন দেশের আটটি প্রতিষ্ঠান অংশ নেয়। দরপত্রে বছরে ২২ লাখ পাসপোর্ট সরবরাহ করার কথা বলা হয়েছে।
কার্যাদেশ পাওয়া কোম্পানি দুই বছরের জন্য এমআরপি/এমআরভি প্রকল্প পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাবে। পর্যায়ক্রমে তা বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।
এ বছরের ১৯ মার্চ একনেক এর একটি সভায় এ প্রকল্পের আওতায় আগামী পাঁচ বছরে এক কোটি ৭৪ লাখ সাধারণ পাসপোর্ট ও দশ লাখ জরুরি পাসপোর্ট ইস্যু করার সিদ্ধান্ত নেয়া হয়। এতে মোট ব্যয় হবে ২৮৩ কোটি টাকা।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এ প্রকল্পের কাজ শুরু হলে পুরোনো পদ্ধতিতে আর পাসপোর্ট ইস্যু করা হবে না। তবে এই সময়ের মধ্যে যারা হাতে লেখা (ম্যানুয়েল) পাসপোর্ট বহন করবে এবং মেয়াদ থাকবে তাদের কোনো অসুবিধা হবে না।
দেশে বর্তমানে ১ কোটি ২০ লাখ ম্যানুয়েল পাসপোর্টধারী রয়েছেন।
সর্বনিু দরদাতা 'আইআরআইএস' তুরস্কের ই-পাসপোর্ট প্রকল্পের কাজ সময় মতো শেষ করতে না পারায় ওই দেশ ২০১১ সালের অক্টোবর পর্যন্ত সকল সরকারি কাজে অংশ নেওয়া থেকে প্রতিষ্ঠানটিকে নিষিদ্ধ করে।
দরপত্রে অংশ নেওয়ার অন্যতম পূর্ব শর্ত ইতোপূর্বে আড়াইকোটি পাসপোর্ট বই সরবরাহ করার রেকর্ড এবং প্রতিবছর ৮০ লাখ পাসপোর্ট উৎপাদনের অভিজ্ঞতা নেই তাদের।
কোম্পানিটি খালি এমআরপি বই, ল্যামিনেশন, ভিসা স্টিকার, রাউটার, সুইচ এবং আরও আবশ্যকীয় আনুষঙ্গিক যন্ত্রপাতি দরপত্রে দেওয়া দরের মধ্যে অন্তর্ভুক্ত করেনি।
এছাড়া, দরপত্রে প্রতিষ্ঠান দুটি মাত্র দুটি এমআরপি প্রিন্টার মেশিন দেওয়ার কথা বলেছে যা দরপত্রের মূল শর্তের চেয়ে অনেক কম।
মূল্যায়ন কমিটি ওই কোম্পানিকে আরও একটি মেশিন দিতে হবে জানিয়ে চিঠি দেয়। কিন্তু সরকারি ক্রয় নীতিমালা-২০০৮ অনুযায়ী দরপত্র জমা দেওয়ার পর এতে নতুন কিছু সংযোগের সুযোগ নেই।
অন্যদিকে, এ কোম্পানি যে ধরণের ভিসা প্রিন্টার সরবরাহ করবে তাতে একটি বিশেষ কারিগরি দিক-'ইউভি প্রিন্টিং' এর যোগ্যতা নেই। দরপত্রের শর্ত অনুযায়ী এটি থাকা বাধ্যতামূলক।
এ কোম্পানি যেসব যন্ত্রপাতি সরবরাহ করার কথা বলেছে বিশ্ববাজারে সেগুলোর কর্মদক্ষতা নিচু মানের বলে মন্তব্য করেছে সংশ্লিস্ট বেশ কয়েকজন কারিগরি বিশেষজ্ঞ।
অপরদিকে, 'ফ্লোরা টেলিকম' এর তালিকাভুক্ত যন্ত্রপাতি ও যন্ত্রাংশ দরপত্রের শর্তের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং কারিগরি ক্রুটি সম্পন্ন।
এই প্রতিষ্ঠানটি চাহিদা অনুযায়ী বেশ কিছু যন্ত্রপাতির দরও অর্ন্তভূক্ত করেনি। এতে আপাত দৃষ্টিতে এ কোম্পানির দেওয়া দর কম মনে হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের একটি প্রকল্প সময় মতো শেষ করতে না পারায় এ কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান 'পাটিমাস'কে কালো তালিকাভুক্ত করা হয়।
অপরদিকে, এ কোম্পানি যে ধরনের ভিসা প্রিন্টার ও পাসপোর্ট রিডার সরবরাহ করবে সেগুলো দরপত্রের অনেক আবশ্যকীয় শর্ত পূরণ করতে সক্ষম নয়।
অভিযোগ উঠেছে, নিুমানের রাউটার/সুইচ, বারকোড স্ক্যানার সরবরাহের কথা বললেও প্রকল্পের মূল্যায়ন কমিটি সেগুলো উপেক্ষা করে এ কোম্পানিকে যোগ্য বলে সুপারিশ করেছে।
এছাড়া, এ কোম্পানির সহযোগী গ্যামালটোর পাসপোর্ট বই সরবরাহ করার অতীত কোনো অভিজ্ঞতা নেই। বছরে তারা কত বই উৎপাদন করেছে তারও কোনো হিসেব দরপত্রে দেয়নি তারা।
এ কোম্পানির বর্ণিত ভিসা প্রিন্টার ঘণ্টায় মাত্র দুইশ পাসপোর্ট প্রিন্ট করতে সক্ষম। অথচ দরপত্রে ঘণ্টায় ২০০০ ভিসা পাসপোর্ট প্রিন্ট ক্ষমতার মেশিনের শর্ত উল্লেখ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/জিএনএ/১০৩০ ঘ.
bdnews24