গাজীপুর, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের টঙ্গীর থানাধীন পাগার এলাকার একটি বাসা থেকে বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রাত সাড়ে ৮টার দিকে এলাকার ইদু মিয়ার বাসার ভাড়াটে এ দম্পতির লাশ উদ্ধার করা হয়।
এরা হলেন- শেরপুরের সদর উপজেলার কসবা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রহিমা খাতুন (১৮) ও নেত্রকোনা সদর উপজেলার রাজখুন্তি পাঠান পাড়ার ফজলুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (২৩)।
টঙ্গী থানার ওসি তপন চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এরা দু'জনেই হামিদ গার্মেন্টস নামের স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। দু'মাস আগে তাদের বিয়ে হয়েছিল।
টঙ্গী থানার কর্তব্যরত কর্মকর্তা মালেকা বানু জানান, বৃহস্পতিবার বিকালে জাহাঙ্গীর ও রহিমা আত্মহত্যা করেন। ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় দুজনের লাশ উদ্ধার করা হয়।
তিনি জানান, আত্মহত্যার কারণ সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৭ ঘ.
bdnews24