ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলায় লঞ্চডুবির ঘটনায় তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে মামলার সমালোচনা করে বিএনপি বলেছে, এর উদ্দেশ্য জনমনে বিভ্রান্তি ছড়ানো।
বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন অবিলম্বে খালেদা জিয়ার দুই ছেলের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিও জানান।
ভোলার লঞ্চডুবির ঘটনায় সমুদ্র পরিবহন অধিদপ্তর বাদি হয়ে একটি মামলা করেছে। তারেক ও কোকো দুর্ঘটনা কবলিত লঞ্চ কোম্পানির মালিকানায় আছেন দাবি করে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বুধবার বলেন, তারাও মামলার আসামি।
বিএনপি মহাসচিব বলেন, "তারেক রহমান ও আরাফাত রহমানকে মামলায় জড়িয়ে জিয়া পরিবারের ভাবমূর্তি বিনষ্ট এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করাই এই মামলার প্রধান উদ্দেশ্য। এটা সবার কাছে প্রতীয়মান যে, সরকারের প্রত্যক্ষ মদদে মামলাটি দায়ের করা হয়েছে।"
লঞ্চ দুর্ঘটনার কারণ উদঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানান দেলোয়ার। প্রাণহাণিতে শোকও প্রকাশ করেন তিনি।
তারেক-কোকার বিরুদ্ধে মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে দেলোয়ার বলেন, "এই দুর্ঘটনার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও, দীর্ঘদিন চিকিৎসার জন্য বিদেশে অবস্থানকারী তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে আসামি করার উদ্দেশ্য কী- তা বুঝতে কারো বাকি থাকার কথা নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এমআই/১৮৫০ ঘ.
bdnews24