২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইনমন্ত্রী

দায়িত্ব পালনের সময় কোনো সাংবাদিক নির্যাতিত হলে নির্যাতনকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2009, 12:44 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দায়িত্ব পালনের সময় কোনো সাংবাদিক নির্যাতিত হলে নির্যাতনকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। বৃহস্পতিবার সচিবালয়ে ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের (আইপিআই) পরিচালক ডেভিড ডাজের নেতৃত্বে সংগঠনটির চার সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বাংলাদেশে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছে দাবি করে আইনমন্ত্রী বলেন, "সাংবাদিকদের সুবিধার জন্য সরকার তথ্য অধিকার আইনও করেছে। দায়িত্ব পালনের সময় কোনো সাংবাদিক নির্যাতিত হলে সরকার নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।" আইপিআই প্রতিনিধিদল তার কাছে বাংলাদেশের সাংবাদিকদের সম্পর্কে বিভিন্ন বিয়য়ে জানতে চান। এসম্পর্কে শফিক আহমেদ বলেন, "আমি তাদের বলেছি, সাংবাদিকরা এখানে পুরোপুরি স্বাধীনভাবে দায়িত্ব পালন করছে।" বৈঠকে আইপিআই'র প্রেস ও কমিউনিকেশন ম্যানেজার অ্যান্থনী মিলস্, নরওয়েজিয়ান ইনস্টিটিউট অব জার্নালিজম-এর প্রেসিডেন্ট ট্রিন ওস্টলিনজেন এবং আইপিআই'র আন্তর্জাতিক নির্বাহী বোর্ডের সদস্য ও আইপিআই বাংলাদেশ জাতীয় কমিটির প্রেসিডেন্ট মঞ্জুরুল আহসান বুলবুল উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এজে/এইচএ/১৮৪০ ঘ.