২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল দিয়ে আমদানি বন্ধ

ভারতে শ্রমিক ধর্মঘটের কারণে বেনাপোল স্থল বন্দর দিয়ে পণ্য আমদানি বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2009, 09:42 AM

Updated : 26 Aug 2022, 12:26 PM

বেনাপোল (যশোর), ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে শ্রমিক ধর্মঘটের কারণে বেনাপোল স্থল বন্দর দিয়ে পণ্য আমদানি বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ আছে। বাংলাদেশ থেকে পণ্যবাহী ট্রাকগুলো পেট্রাপোলে ঢুকলেও পণ্য খালাস হচ্ছে না। বন্দর সংশ্লিষ্টরা জানান, শ্রমিকদের বাধার মুখে বাংলাদেশ অভিমুখী পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক পেট্রাপোল বন্দরে আটকা পড়েছে। ভারতের বনগাঁয় এক পরিবহন শ্রমিক হত্যার প্রতিবাদে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)- সিপিএম সমর্থিত শ্রমিক সংগঠন সিটু ওই ধর্মঘটের ডাক দেয়। পেট্রাপোলের ব্যবসায় প্রতিষ্ঠান সোহান এক্সপোর্টের ব্যবস্থাপক অমল কৃষ্ণ মজুমদার টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বনগাঁর আদালত পাড়ার শ্রমিক অনিমেষকে (৪০) বুধবার সন্ধ্যায় সন্ত্রাসীরা গুলি চালিয়ে হত্যা করে। এর প্রতিবাদে সিটু বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা বনধ ডেকেছে। তিনি জানান, শ্রমিকরা বনগাঁ এলাকায় সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে। পেট্রাপোল বন্দরে দফায় দফায় মিছিলও করছে তারা। বেনাপোল কাস্টমসের কার্গো শাখার পরিদর্শক আব্দুল গফুর জানান, সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ভারত থেকে পণ্যবাহী কোনো ট্রাক আসেনি। তবে বাংলাদেশ থেকে ৩৮টি ট্রাক পেট্রাপোল বন্দরে গেছে বলে জানান তিনি। গফুর একই সঙ্গে বলেন, "পেট্রাপোলে ট্রাক গেলেও পণ্য খালাস হচ্ছে না।" পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেখানে বাংলাদেশ অভিমুখী পণ্যসহ প্রায় ৫ শতাধিক ট্রাক আটকা পড়েছে। গাড়ি চলাচল বন্ধ থাকায় ভারতগামী যাত্রীরাও ওপারে গিয়ে বেকায়দায় পড়ছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩০ ঘ.