২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কথিত বন্দুকযুদ্ধে ২ 'চরমপন্থী' নিহত

চুয়াডাঙ্গা শহরে বৃহস্পতিবার ভোররাতে র‌্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2009, 08:44 AM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ঝিনাইদহ, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গা শহরে বৃহস্পতিবার ভোররাতে র‌্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছে। নিহত জামাল ওরফে রবি (৩৬) ও সুন্নত আলী (৩৫) পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) সদস্য বলে পুলিশ দাবি করেছে। চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুজরুকগড়গড়ির একটি আম বাগানের ভেতর 'বন্দুকযুদ্ধে' ওই দুজন মারা যায়। তিনি বলেন, "চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে রাত ২টার দিকে র‌্যাব ও পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা গুলি ছুড়লে র‌্যাব ও পুলিশও পাল্টা গুলি চালায়।" ২০-২৫ মিনিট 'বন্দুকযুদ্ধ'র পর চরমপন্থীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে জামাল ও সুন্নতের লাশ পাওয়া যায় বলে পুলিশ কর্মকর্তা বাতেন জানান। পুলিশ জানায়, সেখান থেকে দুটি পিস্তল, চারটি শাটার গান, ১০ রাউন্ড গুলি ও দুইটি বোমা উদ্ধার করা হয়েছে। জামালের বাড়ি চুয়াডাঙ্গা শহরের পলাশপাড়ায়, সুন্নতের বাড়ি দামুরহুদা উপজেলার লোকনাথপুর গ্রামে। এসপি বাতেন জানান, জামালের বিরুদ্ধে চুয়াডাঙ্গার বিভিন্ন থানায় ১৭টি হত্যা মামলা আর সুন্নতের বিরুদ্ধে দুটি হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। চুয়াডাঙ্গার পাশের জেলা কুষ্টিয়ায় গত তিন মাসে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অন্তত ৩০ জন নিহত হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, বন্দুকযুদ্ধের নামে আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাচ্ছে। তবে সরকার সে অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪৩০ ঘ.