গাজীপুর, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেতুতে একটি ট্রাক বিকল হয়ে পড়ায় বৃহস্পতিবার ভোর থেকে নয় ঘণ্টা ঢাকা-কাপাসিয়া সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিলো। দুপুরে গাড়ি চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
পুলিশ জানায়, শ্রীপুরের রাজাবাড়ী সেতুর ওপর মালবাহী একটি ট্রাক ভোর ৪টার দিকে বিকল হয়ে পড়ে। এতে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কে সেতুর দুই পাশে গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়।
দুপুর ১২টার দিকে ট্রাকটি সরিয়ে নেওয়া হলে গাড়ি চলাচল স্বাভাবিক হয় বলে শ্রীপুর থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
দীর্ঘ সময় চলাচল বন্ধ থাকায় যাত্রীদেও বেশ দুর্ভোগ পোহাতে হয়। ওই সময় কাপাসিয়া, কিশোরগঞ্জ, কটিয়াদীগামী গাড়িগুলোকে শ্রীপুর হয়ে বিকল্প পথে যাতায়াত করে। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় যানজটের সৃষ্টি হয়।
রাজাবাড়ী বাজারের ব্যবসায়ী, এ সড়কের যাত্রী ও পরিবহন শ্রমিকরা জানান, সেতুর পাকা অংশ ভেঙ্গে যাওয়ায় স্টিলের পাত ও রেলিং বসিয়ে সেতুটি কোনো রকমে সচল রাখা হলেও প্রায়ই ছোট-খাট দুর্ঘটনা ঘটে।
ওই সড়কে চলাচলকারী প্রভাতী পরিবহনের পরিচালক জয়নাল আবেদীন এবং রাজদূত পরিবহনের চালক মজনু মিয়া জানান, সপ্তাহ দুয়েক আগে একইভাবে ট্রাক আটকে সাড়ে সাত ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২৫৫ ঘ.
bdnews24